পাকিস্তানের এমন বিপর্যয়!

সকালে ঘুম থেকে উঠেই সবার কাছেই ধাক্কাটা ভয়াবহই মনে হল। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, টেলিভিশনের পর্দায় একটু চোখ না রাখলে কীভাবে হয়! কিন্তু টেলিভিশন খুলেই সবাই যা দেখলেন, তাতে বিস্ময়ে হতে হল বিমূঢ়ই। ওয়েস্ট ইন্ডিজের ৩১০ রান তাড়া করতে নামা পাকিস্তান তাদের প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলেছে মাত্র ১ রানেই। অনেকেই ভেবেছিলেন রান আর উইকেটের হিসেবটি বোধহয় লিখতে হিয়ে একটু গড়মিল করে ফেলেছে সম্প্রচার-সংস্থা। চোখ কচলে দেখলেন নাহ, ঠিকই আছে। সত্যি সত্যিই এক রানে চার উইকেট হারিয়েছে চিরদিনের অননুমেয় দল পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে স্কোরবোর্ডে মাত্র এক রান তুলে চার উইকেট হারানোর নজির আর নেই। সেদিক দিয়ে পাকিস্তান আজ রেকর্ড বইয়ের একটা নতুন পৃষ্ঠাই সংযোজন করল।
এক এক করে সাজঘরে ফিরেছেন নাসির জামশেদ, ইউনিস খান, হারিস সোহেল ও আহমেদ শেহজাদ। এই চতুষ্টয়ের পদাঙ্ক অনুসরণ করেছেন পাক অধিনায়ক মিসবাহ-উল-হকও। ২৩ ওভার শেষে পকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। উইকেটে দাঁড়িয়ে, ৬৮ রানের জুটি গড়ে শোয়েইব মাকসুদ ও উমর আকমল সামাল দেওয়ার চেষ্টা করছেন এই ভয়াবহ বিপর্যয়।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে পরাভব মেনে নেওয়ার পর আজ পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্যারিবীয়দের। ব্যাট হাতে অবশ্য প্রাথমিক কাজটা সেরেই রেখেছে তারা। দিনেশ রামদিনের ৫১, লিন্ডল সিমন্সের ৫০ আর ড্যারেন ব্রাভোর ৪৯ রানের সঙ্গে মারলন স্যামুয়েলসের ৩৮, আন্দ্রে রাসেলের ৪২ আর ড্যারেন সামির ৩০ রান যোগ হয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড় করায় ৩১০।
পাকিস্তানের হারিস সোহেল নিয়েছেন ২টি উইকেট। মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ ও সোহেল খান—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।