পঙ্কজ যেন বললেন, পেয়েছি, উইকেট পেয়েছি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে! আজ প্রথম উইকেট পাওয়ার পর পঙ্কজ
অবশেষে! আজ প্রথম উইকেট পাওয়ার পর পঙ্কজ

দুদিকে ছড়িয়ে দিলেন দু হাত। মুখে উঠোনে এসে পড়া এক চিলতে রোদ্দুরের মতো হাসি। সে হাসি আনন্দের, নাকি স্বস্তির? পঙ্কজ সিংয়ের আনন্দ তো হয়েছে অবশ্যই। ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট পাওয়া অবশ্যই আনন্দের। কিন্তু সেই উইকেটটি পেতে যদি ৬৯ ওভার বল করতে হয়, তাতে স্বস্তিটাই বেশি হওয়ার কথা।
সাউদাম্পটন টেস্টে তো বিশ্ব রেকর্ডই করে ফেলেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ১৭৯ রান দিয়েও কোনো উইকেট পাননি। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান দিয়ে উইকেট না পাওয়ার এটাই নতুন রেকর্ড। আগে যে রেকর্ডটি ছিল পাকিস্তানের সোহেল খানের।
ওল্ড ট্রাফোর্ডে এসেও ভাগ্য বদলাচ্ছিল না। ২২ ওভার ধরে উইকেটশূন্য। অবশেষে নিজের ২৩তম ওভারের দ্বিতীয় বলে চওড়া হাসি। জো রুটকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন মহেন্দ্র সিং ধোনির। পঙ্কজকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর স্বস্তিটা। যেন তিনি বলছেন, ‘পেয়েছি! আমি উইকেট পেয়েছি!’ রবীন্দ্রনাথের ছোটগল্পের নায়কের মতো, ‘পাইলাম, আমি ইহাকে পাইলাম!’
প্রথম উইকেট পেতে এত অপেক্ষা! অথচ দ্বিতীয় উইকেট পেয়ে গেলেন ১৩ বল পরেই। এবার তাঁর শিকার জস বাটলার। সাড়ে ছয় ফুট উচ্চতার ভারতীয় এই পেসার ক্যারিয়ারের শুরুতেই বুঝে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট বড় নিষ্ঠুর। অথচ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার পরই জায়গা মিলেছিল জাতীয় দলে।
পঙ্কজের উইকেট পাওয়ার দিনে ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করেছে ভারত। তবে তাতেই ২১৫ রানের লিড হয়ে গেছে ইংল্যান্ডের। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট ২ রান তুলেছে ভারত।

অভিষেকের অভাগারা:
(টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান দিয়ে উইকেটশূন্য যাঁরা)
০/১৭৯ পঙ্কজ সিং ভারত-ইংল্যান্ড সাউদাম্পটন ২০১৪
০/১৬৪ সোহেল খান পাকিস্তান-শ্রীলঙ্কা করাচি ২০০৯
০/১৬০ আকিব জাভেদ পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়েলিংটন ১৯৮৯
০/১৪৯ ব্রাইস ম্যাকগেইন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা কেপটাউন ২০০৯