পচা শামুকে যখন তাঁদের পা কাটে
প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে ঘাম ছুটে যাচ্ছে দলের মূল বোলারদের। বোলারদের বিশ্রাম দিতে কিংবা সতেজ হতে আক্রমণে আসেন খণ্ডকালীন বোলার। খণ্ডকালীন বোলারেরও প্রকার আছে। ধরুন, মাহেন্দ্র সিং ধোনির মতো কেউ গ্লাভস খুলে বল তুলে নিলেন হাতে। এবং তাঁর বলেই যদি কোনো টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের ব্যাটসম্যান আউট হয়ে যান, তাহলে কী বলা যাবে? পচা শামুকে পা কাটা!
২০০৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুর টেস্টে এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। যথেষ্ট বোলিং করার অভিজ্ঞতা আছে আশরাফুলের। কিন্তু সেদিন টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া প্রোটিয়া ব্যাটসম্যানকে যেভাবে আউট করেছিলেন, সেটি পচা শামুকে পা কাটার আদর্শ উদাহরণ।
আশরাফুলের শর্ট বলটা ডি ভিলিয়ার্সের কাছে যাওয়ার আগে দুবার বাউন্স করে। বলটা মারতে যথেষ্ট সময় পেয়েছিলেন প্রোটিয়া তারকা। লেগ সাইডে সজোরে মারতে গিয়েই টাইমিংয়ে গড়বড়। এমন ভুল একজন নবিশ ব্যাটসম্যানকেও করতে দেখা যায় না। আশরাফুলের বাজে বলটায় ফিরতি ক্যাচ হয়ে ফেরেন ডি ভিলিয়ার্স। এভাবে অদ্ভুত আউট হয়ে প্রোটিয়া ব্যাটসম্যান পরে বলেছিলেন, ‘আমি আশা করেছিলাম নো বল ডাকা হবে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এভাবে আউট হলাম।’ ইনিংসে ডি ভিলিয়ার্স করেছিলেন ৪৬ রান।
সব সময় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন হাবিবুল বাশার। কালেভদ্রে হাতও ঘুরিয়েছেন। বোলার হিসেবে টেস্টে হাবিবুলের সাফল্যের খাতা শূন্য থাকলেও ওয়ানডেতে গৌরব করার মতো উইকেট আছে। ১৯৯৯ সালের অক্টোবরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশের বোলারদের কচুকাটা করছিলেন ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি ৬২ বলে করে ফেলেছিলেন ১১৭ রান! ২০তম ওভারে ত্রাস হয়ে ওঠা লারাকে বোল্ড করে দিয়েছিলেন হাবিবুল। লারার কাছে যেটি পচা শামুকে পা কাটা, হাবিবুলের কাছে সেটিই গৌরবের এক উইকেট হয়ে আছে!
ধোনির কথা হচ্ছিল শুরুতে, যাকে সব সময়ই উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দেখে অভ্যস্ত সবাই। সেই ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে একটা উইকেট আছে। ‘ভুক্তভোগী’র নাম ট্রাভিস ডাউলিন। জোহানেসবার্গে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন ধোনি।
ভারতের সবচেয়ে সফল অধিনায়কের অবশ্য ২০১১ ইংলিশ গ্রীষ্মে সুযোগ হয়েছিল কেভিন পিটারসেনকে আউট করার। লর্ডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রাহুল দ্রাবিড়ের হাতে গ্লাভস জোড়া দিয়ে বল হাতে তুলে নিয়েছিলেন ধোনি। শুরুতে পিটারসেন খুব একটা স্বস্তিতে খেলতে পারছিলেন না ধোনিকে। এ সময়ে ইংলিশ ব্যাটসম্যানের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন! আম্পায়ার আউটও দিয়ে দেন। রিভিউ নিয়ে কোনোভাবে বেঁচে যান ৭৩ রানে অপরাজিত পিটারসেন। পরে অপরাজিত ছিলেন ২০২ রানে।
২০১৭ আইপিএলে ধারাভাষ্য দিতে এসে পিটারসেন প্রসঙ্গটা আবার তুলেছিলেন। ম্যাচ চলার সময়ই চেন্নাইয়ের এক খেলোয়াড়ের মাধ্যমে রসিকতা করে জানতে চান আউটটি নিয়ে। ধোনির জোরালো দাবি, ওটা আউটই ছিল!
বোলার হিসেবে ধোনির চেয়ে কিছুটা এগিয়ে বিরাট কোহলি। সবাই তাঁকে চেনে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। তাঁর বোলিং সত্তার প্রচার সে তুলনায় কমই! আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির কিন্তু ৮টি উইকেট আছে। ভারতীয় অধিনায়কের ঝুলিতে আছে কেভিন পিটারসেন, অ্যালিস্টার কুক, কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ হাফিজের মতো উইকেট। ব্যাটসম্যান হিসেবে কোহলিকে অন্য উচ্চতায় রাখলেও উল্লিখিত ব্যাটসম্যানরা অবশ্য মুখ ঘুরিয়ে বলতে পারেন, ‘ধুর, শুধু শুধু পচা শামুকে পা কেটেছি!’