পঞ্চম দিনের স্বপ্ন দেখাচ্ছেন মুশফিক মাহমুদউল্লাহ

প্রেসিডেন্টস স্যুইটে বসে খেলা দেখছেন মানে ধরে নিতে হবে, আপনি গণ্যমান্য কোনো অতিথি। আর্নস ভেল মাঠের প্রেসিডেন্টস স্যুইটও সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড, কোর্টনি ওয়ালশ কিংবা স্থানীয় মন্ত্রী-এমপি আর ক্রিকেট কর্মকর্তাদেরই খেলা দেখার জায়গা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আর সেন্ট ভিনসেন্টের এই ভিআইপি দর্শকেরা প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং দেখে যারপরনাই ‘বিনোদিত’। উইকেট বিলিয়ে দিয়ে আসা শটগুলোতে হা-হা-হি-হি কম হলো না।
তবে এই জাতি ক্রিকেটের সমঝদার। কাল দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাটসম্যানরা কিছু প্রশংসাও পেয়েছেন প্রেসিডেন্টস স্যুইট থেকে। অন্তত পঞ্চম উইকেটে যখন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ ব্যাটিং করছিলেন, তখন তো বটেই। সকালে ব্যাটিং শুরু করে লাঞ্চের আগেই ১০৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ দলের হয়ে টেস্টটাকে চা-বিরতির দিকে টেনে নিয়ে গেল দুই ভায়েরা ভাইয়ের জুটি। এই প্রতিবেদন লেখার সময় চা-বিরতি চলছিল। মুশফিক-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটি তখনো অবিচ্ছিন্ন ৭৭ রানে। দলের রান ৪ উইকেটে ১৮৪। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজকে আরেকবার ব্যাটিং করাতে প্রয়োজন আরও ১১৮ রান। আর ইনিংস ব্যবধানে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন ৬ উইকেট। দিনের খেলা বাকি আরও একদিন এক সেশন।
তৃতীয় দিন শেষে সেন্ট ভিনসেন্ট টেস্ট থেকে বাংলাদেশের তেমন কিছুই পাওয়ার ছিল না। প্রথম ইনিংসে ৩০২ রানে পিছিয়ে থাকার পর ইনিংস পরাজয়ই চোখ রাঙাচ্ছিল বেশি। সেটা না হলেও হার তো বটেই। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে ম্যাচটা যত বেশি সম্ভব টেনে নিয়ে যাবেন—চতুর্থ দিনের শুরুতে এই ছিল চাওয়া। কাল শুরুটা ভালো না হলেও আর্নস ভেলে সেই চাওয়া কিছুটা হলেও পূরণ হয়েছে পঞ্চম উইকেট জুটিতে। চা-বিরতির সময় ম্যাচের যা অবস্থা, শেষ সেশনে বড় কোনো বিপর্যয় না ঘটলে টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাই যায়।
দিনের শুরুটা হয়েছিল নড়বড়ে। জেরোম টেলরের প্রথম ওভারেই তামিম ইকবালের বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো আবেদন। আম্পায়ার আঙুলও তুলে দেন তাতে। কিন্তু তামিম সে সিদ্ধান্ত না মেনে রিভিউ চাইলেন। টেলিভিশন রিপ্লেতে দেখা গেল, বলটা স্টাম্পের ওপর দিয়ে চলে যেত। বেঁচে গেলেন তামিম। এই টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার রিভিউর সুবিধা পেল বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ক্রিস গেইলের এলবিডব্লুর সিদ্ধান্তটাও রিভিউ চেয়ে পাওয়া।
তামিমের সৌভাগ্য অবশ্য দলের সৌভাগ্য হয়ে আসেনি। কেমার রোচের বলে শামসুরের কট বিহাইন্ডে চতুর্থ ওভারেই ভেঙে যায় ওপেনিং জুটি। তবে তামিম সম্ভবত প্রতিজ্ঞা করে নেমেছিলেন এই ইনিংসে ভালো কিছু করার। সপ্তম ওভারে টেলরকে পর পর দুই বলে চার, জার্মেইন ব্ল্যাকউডকে লং অফের ওপর দিয়ে, সুলেমান বেনকে মিড অন দিয়ে আর ক্রিস গেইলকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারা তিন ছক্কায় যেন ফিরে পাওয়া আত্মবিশ্বাসটাই ঠিকরে বের হচ্ছিল।
লাঞ্চের আগেই ফিফটি করে ফেললেন তামিম। তবে বলা বাহুল্য, আউটও হয়ে গেলেন লাঞ্চের মিনিট পাঁচেক বাকি থাকতেই। ১১ রানে প্রথম উইকেট হারানোর পরও যা একটু ভরসা দিচ্ছিলেন তিনিই। কিন্তু ৫৩ রান করে বেনের টার্ন করে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে গিয়ে টেস্টটাকে পঞ্চম দিনে নেওয়ার স্বপ্ন ফিকে করে দেন এই বাঁহাতি ওপেনার। এর আগে দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে ফিরে যান ইমরুল কায়েসও (২৫)। প্রথম ইনিংসে ফিফটি করা মুমিনুলও ১২ রান করে অনুসরণ করেছেন তাঁকে।
তামিমের আউটের পর লাঞ্চের মিনিট পাঁচেক আগে জুটি বাঁধা মুশফিক-মাহমুদউল্লাহ দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই বিপর্যয়ের সামনে। ব্যক্তিগত ১০ আর ২৫ রানের সময় গেইল ও ব্রাভোর ‘বদান্যতায়’ ক্যাচ হওয়া থেকে বেঁচে যাওয়া মুশফিক ব্যাট করছিলেন ৩৩ রানে, মাহমুদউল্লাহ ৪১। লাঞ্চ থেকে চা-বিরতির সেশনে দুজনে যোগ করেছেন ৭৪। তবে কাজটা যে সেখানেই শেষ নয়, তা নিশ্চয়ই জানতেন দুজনেই।
সর্বশেষ
মাহমুদউল্লাহ ৬৬ রান করে আউট হয়ে গেলেও চতুর্থ দিনের খেলা শেষে অধিনায়ক মুশফিকুর অপরাজিত ৭০ রানে। তাঁদের ১৩০ রানের জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা নাসির করেছেন অপরাজিত ৭। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ২৫৬।