পঞ্চাশ বছর ধরে খেলছেন তিনি

>১৯৭০ সালের জুলাইয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন পারসনস। ক্যারিয়ারে ৭৬১ ইনিংসে ২২,৩৪২ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১২২ রানের। ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৩৭টি ফিফটি
বয়স ষাট পেরিয়ে যাওয়া অনেকেই কর্মজীবনে যতি টেনে দিয়ে চলে যান অবসরে। বাড়িতে একটু আরাম আয়েশে দিন কাটান। খেলা করেন নাতি-নাতনিদের নিয়ে। কিন্তু ডেভিড পারসনস ব্যতিক্রম। সাসেক্স থেকে উঠে আসা এই ক্রিকেটার এখনো খেলে চলেছেন একের পর এক ম্যাচ। ৬০ বছর পেরিয়ে যাওয়া পারসনস এখনো ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন তাঁর ক্লাব হার্স্টপিয়েরপয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে।
১৯৭০ সালের জুলাইয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন পারসনস। ক্যারিয়ারে ৭৬১ ইনিংসে ২২,৩৪২ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১২২ রানের। ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৩৭টি ফিফটি। ক্লাবের অর্নাস বোর্ডে তাঁর নামটি খোদাই করা আছে। আছে বিভিন্ন রেকর্ডের পাতায়ও। ২০১০ সালে অংশ হয়েছেন ক্লাবের সর্বোচ্চ রানের জুটির। সতীর্থ ব্যাটসম্যানকে নিয়ে গড়েছিলেন অবিচ্ছিন্ন ২৫৯ রানের জুটি।
এত সব কীর্তি গড়া পারসনস গত শনিবার আরেকটি ফিফটি করেছেন। পা রেখেছেন ক্যারিয়ারের ৫০তম মৌসুমে। কে জানে আর কত দিন খেলে যাবেন হার্স্টপিয়েরপয়েন্ট ক্রিকেট ক্লাবের সভাপতি কাম ক্রিকেটার! ৫০তম মৌসুমে পা রাখার দিনটিতে তাঁকে সামাজিক দূরত্ব বজায় রেখে গার্ড অব অনার দিয়েছে ক্লাবটির ক্রিকেটাররা।