পঞ্চাশের ধাঁধায় মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৪ রানের ইনিংস খেলার পথে মুমিনুল, বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম টেস্ট খেলে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ইনিংসেই। কাল খুলনায় l শামসুল হক
৫৪ রানের ইনিংস খেলার পথে মুমিনুল, বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম টেস্ট খেলে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ইনিংসেই। কাল খুলনায় l শামসুল হক

ড্রেসিংরুমে খানিকটা আলোচনা শুনেছেন। দিন শেষে যখন ড্রেসিংরুম থেকে আসছেন মাঠের আরেক প্রান্তে সংবাদ সম্মেলন কক্ষে, পথে সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন আবার। নিশ্চিত হয়ে গেছেন রেকর্ডের কথা।
এমন নয় যে নিশ্চিত হওয়ার জন্য খুব আগ্রহ ছিল। রেকর্ড-টেকর্ড মুমিনুল হককে কখনোই টানে না। টিভিতে তাঁকে নিয়ে এমন কিছু দেখালে রিমোটের বোতামে চাপ দেন। পত্রপত্রিকায় লেখা হলে সযতনে এড়িয়ে চলেন। সব সময় বলেন, ‘এসব রেকর্ড-টেকর্ড দেখলে মাথা ঘুরে যেতে পারে। না দেখাই ভালো।’
কিন্তু এভাবে রেকর্ড গড়তে থাকলে তো এসব নিয়মিত চোখে পড়বেই, কানেও আসবে। কাল যেমন বাংলাদেশের হয়ে দ্রুততম হাজার রান ছোঁয়ার দিনে সঙ্গী হয়েছে আরেকটি রেকর্ড। বাংলাদেশের হয়ে টানা সবচেয়ে বেশি টেস্টে ফিফটি। টানা ৮ টেস্টে ফিফটি ছুঁয়ে এগিয়ে গেলেন তামিম ইকবালকে (টানা ৭ টেস্ট) পেছনে ফেলে। তবে কালও এসব যথারীতি খুব একটা দোলা দিল না মুমিনুলকে। দলের সামনে ম্যাচ ও সিরিজ জয়ের হাতছানি। এই রোমাঞ্চটাই বেশি। আরেকটা কারণ, টানা ফিফটি ছোঁয়ার এই রেকর্ড এখন যতটা না তৃপ্তি দিচ্ছে, তার চেয়ে বেশি বিঁধছে কাঁটা হয়ে। সবশেষ চারবার পঞ্চাশ ছুঁয়ে যে থামতে হয়েছে সেঞ্চুরির আগেই!
অন্য অনেকে হয়তো এটিকেই বলতে পারেন গর্বের অর্জন। কিন্তু মুমিনুল যে নিজের মানদণ্ড বেঁধে দিয়েছেন অন্য উচ্চতায়। নিজেই সব সময় বলেন, ‘আমি ফিফটি করলে লোকে মনেই করে না যে রান করেছি। সবাই সেঞ্চুরি চায়। আমিও নিজেকে এটাই বলি।’ যে ৮ টেস্টে টানা ফিফটি ছুঁলেন, এর প্রথম চারটিতে ছিল তিন সেঞ্চুরি, এক ফিফটি। পরের চারটিতে শুধুই পঞ্চাশ। পঞ্চাশ মানে আক্ষরিক অর্থেই, ওয়েস্ট ইন্ডিজে ৫১ ও ৫৬, এই সিরিজে ৫৩ ও ৫৪!
কালকের আরেকটি রেকর্ডও এটির সঙ্গে খুব প্রাসঙ্গিক। ইনিংসগুলো বারবার এই ফিফটিতে বাঁধা না পড়লে তো দ্রুততম হাজার রানের রেকর্ড হয়ে যেত আরও আগেই! ১৩ ইনিংসেই রান হয়ে গিয়েছিল ৭৫৫। পরের সাড়ে তিন শ রান হতে লেগে গেল আরও ৮ ইনিংস। দ্রুততম রেকর্ডে এমনিতেই সবাইকে অনেক পেছনে ফেলেছেন, বারবার ফিফটিতে কাটা না পড়লে অর্জনটি হতো আরও চোখধাঁধানো।
বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যান অবশ্য এটুকুতেই পুলকিত হয়ে যেতেন। কিন্তু মুমিনুলও তেমন হলে আর তিনি মুমিনুল কেন! তৃপ্ত তিনি হচ্ছেনও না, ‘আমিও আসলে এটা নিয়ে চিন্তিত। কেন বারবার ফিফটিতে আউট হয়ে যাচ্ছি। হয়তো কিছু ভুল হচ্ছে যে কারণে বড় রান করতে পারছি না। যত তাড়াতাড়ি পারি এটা সমাধান করার চেষ্টা করব।’
ভুলটা তিনি নির্দিষ্ট করে না বললেও বুঝতে সমস্যা হয় না খুব একটা। টেকনিকের সমস্যা তাঁর নেই। এই চার ফিফটিতে সেটা কোনো সমস্যাও ছিল না, চারবারই ফিফটি পর্যন্ত খেলেছেন দারুণ। কিন্তু প্রতিবারই যেভাবে আউট হয়েছেন, ক্রিকেটীয় ভাষায় বলা যায় ‘সফট ডিসমিসাল’। সেন্ট ভিনসেন্টে কট বিহাইন্ড শ্যানন গ্যাব্রিয়েলের লেগ স্টাম্পের বাইরের বলে, সেন্ট লুসিয়ায় সুলিমান বেনের ফুলটসে মিড উইকেটে ক্যাচ। গত টেস্টে খামখেয়ালি রানআউট, কাল ওয়ালারের নিরীহ বলে হালকা ফ্লিক করতে গিয়ে শর্ট লেগে ধরা। মূল সমস্যা একটাই—মনঃসংযোগে হঠাৎ গন্ডগোল।
তবে মুমিনুল যখন বলেছেন, দ্রুত সমাধান করে ফেলবেন, আস্থা রাখাই যায়!
১০০০
বাংলাদেশের পক্ষে দ্রুততম ইনিংস
মুমিনুল হক ২১
তামিম ইকবাল ২৯
হাবিবুল বাশার ৩১
সাকিব আল হাসান ৩৫
রাজিন সালেহ ৩৬
মাহমুদউল্লাহ ৩৭
শাহরিয়ার নাফীস ৩৮
মুশফিকুর রহিম ৩৯
মোহাম্মদ আশরাফুল ৪৪
জাভেদ ওমর ৪৫
মোহাম্মদ রফিক ৫২
খালেদ মাসুদ ৫৯
* ম্যাচের হিসেবেও রেকর্ড মুমিনুলের, ১১ টেস্ট। হাবিবুল বাশার ও তামিম ইকবালের লেগেছিল ১৬ টেস্ট।