পঞ্চাশ-বিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ইনিংসেই সবাই ব্যাট করেছেন। কিন্তু ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ৪০ রানের। পরিসংখ্যানই বলে দিচ্ছে নাগপুর টেস্টে ব্যাটিং করা কতটা কঠিন ছিল। টেস্ট ইতিহাসে এই নিয়ে মাত্র ২০ ম্যাচে ব্যাটসম্যানরা কোনো ফিফটি পাননি। এক ইনিংসও সম্পূর্ণ হয়নি, এমন ম্যাচ বাদ দিলে সংখ্যাটা দাঁড়ায় ১৬। সেই হিসাবে ১৩ বছর পর ফিফটিবিহীন ম্যাচ দেখল টেস্ট ক্রিকেট। নাগপুরের আগে সর্বশেষ ২০০২ সালে হ্যামিল্টন টেস্টে কোনো ফিফটি পাননি ব্যাটসম্যানরা। কাকতালীয়ভাবে ওই ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষও ছিল ভারত। ম্যাচটা হেরেছিল ভারতীয়রা। ফিফটিবিহীন ১৬ ম্যাচের নয়টিই ঊনবিংশ শতাব্দীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা মাত্র চারটি। ১৮৮৮ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস টেস্টে ২৪ রানের বেশি করতে পারেননি কেউ। ম্যাচে সর্বনিম্ন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটাই।