পটিয়ে লাভ নেই, মজবেন না কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বাঁধন ছিঁড়ে যাবে না!
এ বাঁধন ছিঁড়ে যাবে না!

বৃহস্পতি এখন তুঙ্গে বিরাট কোহলির। ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন খুব বেশি দিন হয়নি। এর মাঝেই শ্রীলঙ্কায় গিয়ে ভারতের ২২ বছরের গেরো খুলেছেন। ব্যাটিংয়ে দিয়েছেন পুরোনো ফর্মে ফেরার আভাস। শচীন টেন্ডুলকারকে হটিয়ে টুইটারে ভারতের সবচেয়ে বড় তারকাও এখন কোহলিই। দিন দিন ভক্ত সংখ্যা বাড়ছেই তাঁর।
এদের মধ্যে মেয়ে ভক্তদের সংখ্যাটাই বেশি। দেশের সেরা ক্রিকেটার, পর্দায় সরব উপস্থিতি—সব মিলিয়ে নারী ভক্তদের কাছে কোহলি স্বপ্নের রাজপুত্তুরই। অনেক তরুণী নিশ্চয়ই আনুশকাকে দু চোখে দেখতে পারে না। তাঁদের হৃদয়ের নায়ককে যে আনুশকা দখল করে আছেন। কোহলি কাল যা বললেন, তাতে তাঁর নীরব প্রেমিকারা কষ্টই পাবেন। তাঁকে পটানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। কোহলি যে আকণ্ঠ ডুবে আছেন আনুশকার প্রেমে!
কোহলি-আনুশকা জুটি নিয়ে আগ্রহ সবার। প্রথম প্রথম অস্বীকার করতে চাইলেও এখন নিজেদের সম্পর্ক নিয়ে আর কোনো লুকোচুরি নেই। ক্যামেরাতেও একই ফ্রেমে বন্দী হন দুজন। এই প্রথম কোহলি সংবাদমাধ্যমকে সরাসরি বললেন, হ্যাঁ আমি আনুশকাকে ভালোবাসি।
গ্ল্যামার আর ক্রিকেটের মেলবন্ধন আজকে নয়। নবাব মনসুর আলী খান পতৌদি আর শর্মিলা ঠাকুর তো সুখের সংসারই করে গেছেন। মোহাম্মদ আজহারউদ্দিন আবার নিজের সংসার ছেড়ে সংগীতা বিজলানির সঙ্গে গড়েছিলেন নতুন সংসার। তবে ক্রিকেট আর বলিউডের সব গল্পই যে মধুরেণ সমাপয়েৎ​ হয়েছে তাও নয়। যুবরাজ সিংয়ের সঙ্গে কিম শর্মার সম্পর্কটা যেমন পরিণতি পায়নি।
তবে কোহলি বলছেন, এই সম্পর্কটার ব্যাপারে তিনি ভীষণই সিরিয়াস, ‘আমি আনুশকার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে আমার মতের নড়চড় হচ্ছে না।’ সূত্র: পিটিআই।