পথ দেখাচ্ছেন মিসবাহ

দারুণ এক সেঞ্চুরিতে পাকিস্তানকে পথ দেখাচ্ছেন অধিনায়ক মিসবাহ। কাল লর্ডসে l রয়টার্স
দারুণ এক সেঞ্চুরিতে পাকিস্তানকে পথ দেখাচ্ছেন অধিনায়ক মিসবাহ। কাল লর্ডসে l রয়টার্স

সেঞ্চুরি করার পরে খুলে ফেললেন হেলমেট। মুখে চওড়া হাসি। হাত নেড়ে স্যালুটের ভঙ্গি করলেন, এরপর মাটিতে শুয়ে কয়েকটি পুশআপ। যেন বার্তা দিলেন, বয়স তাঁর দিন দিন কমছে! কাল মিসবাহ-উল হক যা করেছেন, তাতে পাকিস্তান অধিনায়ক ‘দাবিটা’ করতেই পারেন!
চল্লিশ পেরোলেই চালশে কথাটা ভুল প্রমাণ করেছেন আগেই। আধুনিক ক্রিকেটে ৪২ বছর বয়সে খেলে যাওয়াটাই যখন বিস্ময়ের, তখন মিসবাহ একের পর এক অবিশ্বাস উপহার দিচ্ছেন। টেস্ট ইতিহাসেই চল্লিশ পেরোনোর পর একাধিক সেঞ্চুরি আছে শুধু পাকিস্তান অধিনায়কের। লর্ডসে গত ৮২ বছরে এর চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আর কারও নেই, টেস্ট ক্রিকেটে গত ৬০ বছরেই কেউ আর তা করতে পারেননি। টেস্ট ইতিহাসের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরিও এখন মিসবাহর, মুছে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ববি সিম্পসনের (৪১ বছর ৩৫৯ দিনে) রেকর্ড। লর্ডস টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান ৮৭ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ২৮২, মিসবাহ এখনো অপরাজিত ১১০ রানে।
কাল সকালে যখন টস করতে নেমেছেন, তখনই একটা কীর্তি হয়ে গেছে মিসবাহর। পাকিস্তানের অধিনায়কের বয়স ছিল ৪২ বছর ৪৭ দিন। টেস্ট ক্রিকেটে এর চেয়ে বেশি বয়সে নেতৃত্ব দিয়েছেন মাত্র আটজন, এশিয়ার আর কেউ নন। মিসবাহর রোমাঞ্চটা অবশ্য একটু বেশি হওয়ার কথা অন্য কারণে। ইংল্যান্ডে যে এটাই পাকিস্তান অধিনায়কের প্রথম টেস্ট! আগের তিন টেস্টেই পাকিস্তানের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওই তিন টেস্টে মিসবাহর রান ৩৭২। লর্ডসে আলো ছড়ানোর আভাস যেন আগেই দিয়ে রেখেছিলেন!
৭৭ রানের সময় মিসবাহ যখন নামেন, ৩ উইকেট হারিয়ে পাকিস্তান বেপথু। অনেক দিনের দোসর ইউনিস খানকে নিয়ে প্রাথমিক বিপদটা পার করলেন। এরপর আসাদ শফিককে সঙ্গে নিয়ে একটু একটু করে ম্যাচটা নিয়ে গেছেন পাকিস্তানের নিয়ন্ত্রণে। শফিক ৮৫তম ওভারে এসে ক্রিস ওকসের বলে আউট হয়েছেন ৭৩ রানে। দিনের শেষ ওভারেই রাহাত আলীকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে এনেছেন ওকসই।
মিসবাহর ইনিংসে অবশ্য একটু ভাগ্যেরও ছোঁয়া ছিল। ১৬ রানে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন, জো রুট সেটি হাতে জমাতে পারেননি। ৫৮ রানের সময় শফিকের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট প্রায় হয়েই গিয়েছিলেন। একেবারে কাছ থেকেও বলটা স্টাম্পে লাগাতে পারেননি গ্যারি ব্যালান্স। স্টার স্পোর্টস।