পথ দেখালেন তামিম

প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের দূরত্ব। একটি দিনের ব্যবধান। দুটি অত্যাশ্চর্য ইনিংস। উল্টোমুখী, কিন্তু এক সুতোয় গাঁথা। দুটি ইনিংসই মিটিয়েছে দল আর সময়ের দাবি।
প্রায় ১৮০ স্ট্রাইকরেটে মিসবাহ-উল-হকের টেস্ট সেঞ্চুরি আর ২৫০ বল খেলে তামিম ইকবালের স্ট্রাইক রেট তিরিশের নিচে, যে কারও কল্পনাশক্তির চূড়ান্ত পরীক্ষা নিয়ে ছেড়েছে ইনিংস দুটি। মিসবাহ্ পরে বলেছেন, দলের দ্রুত রান দরকার ছিল, তাই প্রতিটি বলই মারতে চেয়েছেন। তামিমের ব্যাটিং এখনো চলছে, তাই মুখের কথা শোনা যায়নি। তবে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ জানিয়ে গেলেন, এই উইকেটে কাল তামিমের এমন একটা ইনিংসই দরকার ছিল।
টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি ছুঁয়েছেন মিসবাহ্, তামিম করছেন নিজের ক্যারিয়ারে মন্থরতম ফিফটি। তবে মিসবাহর ইনিংস অনেকেরই চোয়াল ঝুলিয়ে দিয়েছে যতটা, তামিমেরটা অতটা নয়। ইদানীং তো এমনই খেলছেন তামিম। এক টেস্ট আগেই সেন্ট লুসিয়ায় ফিফটি ছুঁয়েছেন ১৪৬ বলে। পুরোনো তামিম এখন এমনিতেই এই তামিমের আড়ালে ঘাপটি মেরে আছে। মানসিকতা বদলের পাশাপাশি কাল কাজটি আরও কঠিন করে তুলেছিল উইকেট।
অনেকটা গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের উইকেটের মতো। চাইলে এই উইকেটে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। কিন্তু শট খেলতে গেলেই হতে পারে বিপদ। মন্থর, বল ব্যাটে আসে ধীরে। শট খেলা তাই কঠিন। টস জিতে ব্যাটিং নেওয়ার সময় বাংলাদেশ দলের পরিকল্পনাই ছিল তাই যথাসম্ভব কম উইকেট হারিয়ে দিনটা কাটিয়ে দেওয়া। সময় যত গড়াবে, এই উইকেটে ততই কঠিন হওয়ার কথা রান করা। প্রথম ইনিংসে বড় রান তাই মহাগুরুত্বপূর্ণ।
ড্রেসিং রুমের পরিকল্পনা যা ছিল, মাঠে সেটা বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব নিয়ে নামলেন যেন তামিম। লোভ সামলালেন, নিজেকে বেঁধে রাখলেন। পায়ে ক্র্যাম্প হলো কয়েকবার, চোট পেলেন আঙুলে-হাতে। তবু সারা দিন ব্যাট করে অপরাজিত। টেস্ট সহ-অধিনায়কের দায়িত্বটা যাঁর কাছ থেকে পেয়েছেন তামিম, সেই মাহমুদউল্লাহর কণ্ঠে দিন শেষে তামিম-স্তুতি, ‘উইকেট অনেক স্লো ছিল, রান করা ছিল কঠিন। আমাদের পরিকল্পনা ছিল দেখেশুনে খেলা। আমার মনে হয়, তামিম খুব ভালো ব্যাটিং করেছে। আড়াই শ বল খেলেছে আজকে। ওর স্বাভাবিক ব্যাটিং করলে আজকেই সেঞ্চুরি হয়ে যেত। কিন্তু ও খুব কষ্ট করে ব্যাটিং করেছে। উইকেটের আচরণ যেমন ছিল, সে অনুযায়ীই ব্যাটিং করেছে।’
তামিমের দেখানো পথে পরে হেঁটেছেন মুমিনুল-মাহমুদউল্লাহও। তামিমের সঙ্গে কাল ৪৫ ওভার উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ, গড়েছেন ৯৫ রানের জুটি। এর আগে মুমিনুলের সঙ্গে তামিমের ৭২ রানের জুটি ছিল ৩০ ওভারে। এই উইকেটে যেটা করা বিপজ্জনক, সেই উঠে আসা বলে ড্রাইভ করতে গিয়ে শেষ হয়েছে মুমিনুলের সম্ভাবনাময় ইনিংস। তবে দুই ঘণ্টায় ৩৫ রান করে তিনিও খেলছিলেন উইকেটের ভাব বুঝে।
মাহমুদউল্লাহ জানালেন, পরিস্থিতির দাবিই ছিল এমন, ‘এই উইকেটে রান করা সহজ নয়। ওরা বলও করেছে ভালো জায়গায়। ধৈর্য ধরে বাজে বলের অপেক্ষা করতে হয়েছে। তাড়াহুড়ো করলেই আরও উইকেট হারানোর শঙ্কা ছিল। আমাদের ব্যাটসম্যানরা বল নির্বাচন করেছে অনেক দেখেশুনে।’
পরিকল্পনায় গলদ নেই, বাস্তবায়নও অনেকটা সফল। উইকেটের ঘরে মাত্র ‘৩’ তৃপ্তিদায়কই, তবে রান আর অন্তত ৩০-৪০ বেশি হলে দিনটিকে বলা যেত পুরোপুরি বাংলাদেশের। রানটা খুব বেশি নয় বলেই আজ সকালে দ্রুত দুটি উইকেট হারালে আচমকাই উল্টে যাবে চিত্র। মাহমুদউল্লাহও বলছিলেন একই কথা, ‘কালকের (আজ) প্রথম সেশনের ওপর নির্ভর করবে অনেক কিছু। প্রথম সেশনে উইকেট কম হারালে বুঝতে পারব ম্যাচ কোন দিকে গড়াচ্ছে। উইকেট থাকলে আমরা ইতিবাচক খেললে হয়তো রান বাড়িয়ে নিতে পারব।’
আজ সবকিছু পরিকল্পনামতো এগোলেই কেবল তাই পূর্ণতা পাবে কালকের দিনটি। আজ ব্যর্থ হলে প্রথম দিনটি হয়ে যাবে শূন্য দিয়ে গুণফলের মতো। ভেস্তে যেতে পারে কালকের অর্জন!