৪৭ ওভারের খেলা চলছে। মোহামেডানের রান ২০৫, উইকেট পড়ে গেছে আটটি। তখনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছা একজন স্কোরকার্ড দেখে ভীষণ হতাশ হলেন, ‘এত কম রান করল মোহামেডান!’
একটু দেরিতে মাঠে আসায় সকালের চিত্রটি জানা ছিল না তাঁর। নইলে হয়তো উল্টো কথাই বের হতো মুখ দিয়ে, ‘রান তো দেখি অনেক হয়ে গেছে!’
ইনিংসের প্রথম ওভারেই ফিরে গেছেন ওপেনার ইজাজ আহমেদ। ১৪ ওভারে ৪১ রান তুলতে পতন আরও চার উইকেটের। দুই শ পার হওয়া দূরে থাক, মোহামেডান এক শ করতে পারবে কি না, ওই চিন্তাটাই তখন বড় হয়ে উঠেছিল। সেই দল শেষ পর্যন্ত খেলেছে ইনিংসের শেষ ওভার পর্যন্ত। অলআউট হওয়ার আগ পর্যন্ত করেছে ২২৪ রান!
জয়ের জন্য এটাই যথেষ্ট কি না, তা কালই নিশ্চিত হওয়া যায়নি। প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ইনিংসের সপ্তম ওভারেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলে আর খেলা হতে পারেনি। ওপেনার শাহনাজ আহমেদের উইকেটটি হারালেও তখনই প্রাইম ব্যাংকের স্কোরবোর্ডে ৬.২ ওভারে ৪১ রান। তিন বাউন্ডারিতে ১৭ বলে ১৬ করে গেছেন শাহনাজ। আর ইনিংসের প্রথম ওভারেই শুভাশিষ রায়কে এক চার আর এক ছক্কা মারা মেহেদী মারুফ উইকেটে ছিলেন ২০ বলে ২২ রান করে। আজ সকাল ৯টায় সেখান থেকেই শুরু হওয়ার কথা খেলা। বাকি ৪৩.৪ ওভারে প্রাইম ব্যাংককে করতে হবে ১৮৪, হাতে ৯ উইকেট।
দুই পেসার মোহাম্মদ আজিম ও রুবেল হোসেনের সঙ্গে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম—এই তিনে মিলেই লন্ডভন্ড মোহামেডানের টপ আর মিডল অর্ডার। ৩৪ রানে ৩ উইকেট হারানো দলটাকে আলোর পথ দেখাতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিমও। লিগের প্রথম তিন ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটি করা মুশফিক এরপর থেকেই পথহারা। কাল তো ১১ বল খেলেও কোনো রান না করেই রুবেলের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে।
পরের ওভারে আরিফুল হককেও হারিয়ে মোহামেডান যেন অথই সমুদ্রে দিগ্ভ্রান্ত জাহাজ! সেই জাহাজকে কূলের চিহ্ন দেখাল নাজমুল হাসানের (মিলন) ব্যাট। মিঠুন মানহাসের (৩৫) সঙ্গে ষষ্ঠ উইকেট-জুটিতে যোগ করেছেন ৭০। ৫০ করে আউট হওয়া হাবিবুর রহমানের সঙ্গে তাঁর পরের জুটিতে এসেছে আরও ৮৪ রান। নাজমুল শেষ পর্যন্ত থাকতে পারলে দলের রানটা বাড়তে পারত আরও। কিন্তু ৬৪ করে মনির হোসেনকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। ২৯ রানের মধ্যে পড়েছে মোহামেডানের শেষ চার উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ২৭৬/৬ (ভাটিয়া ৯০*, তামিম ৫৫, মোসাদ্দেক ৪৭, লিটন ৩৭, নাজমুল ২২; মেহেদী ২/৩২, ফারুক ১/১২, শামসুর ১/৩৬, আনোয়ার ১/৪৬, অলক ১/৫২)।
(অসমাপ্ত)
মোহামেডান: ৪৯.২ ওভারে ২২৪ (নাজমুল ৬৪, হাবিবুর ৫০, মানহাস ৩৫; আজিম ৩/৪০, মনির ২/৩৩, রুবেল ২/৪০)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৬.২ ওভারে ৪১/১ (মেহেদী ২২*, সাব্বির ০*; নাঈম জুনিয়র ১/৭)। অসমাপ্ত।