
বয়স ৪০ ছাড়িয়েছে অনেক আগেই। কয়েক দিন আগেই আভাস দিয়েছিলেন, এই সিরিজ শেষেই ব্যাট-প্যাড তুলে রাখতে পারেন। ক্যারিয়ারে বেলা শেষের গান শুনছেন, কিন্তু মিসবাহ-উল-হকের ব্যাটে এখনো যৌবনের ঝংকার। দুবাই টেস্টের প্রথম দিন শেষে অপরাজিত আছেন ১০২ রান করে, আজ আরও অনেক দূর যেতে চাইবেন পাকিস্তান অধিনায়ক। পাকিস্তানও ৪ উইকেটে ২৮২ রানের সংগ্রহটা আজ আরও বড়ই করতে চাইবে।
আবুধাবির মতো দুবাইয়ের পিচ বোলারদের জন্য ধু ধু মরুভূমি হয়ে ছিল না। সকালে খানিকটা সাহায্য পেয়েছেন অ্যান্ডারসন-ব্রডরা। শুরুটা অবশ্য খারাপ করেনি পাকিস্তান, হাফিজ-মাসুদ মিলে ৫১ রানের জুটি গড়ে ফেলেছিলেন। কিন্তু চার ওভারের মধ্যেই ফিরে যান হাফিজ ও আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান শোয়েব মালিক। মাসুদের সঙ্গে ইউনিস খানের ২৭ রানের জুটিটাও ভেঙে গেছে লাঞ্চের ঠিক পরের বলেই, এবার আউট মাসুদ। এই উইকেট নিয়েই অ্যান্ডারসন চলে গেছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের ৯ নম্বরে।
মিসবাহর মঞ্চে আবির্ভাব এর পরেই। শুরুটা স্বভাবসুলভ মন্থর ছিল, দুই অঙ্কে পৌঁছাতে খেলেছেন ৩১ বল। এরপর সুযোগ পেলেই চড়াও হয়েছেন, তোপটা গেছে ইংলিশ স্পিনারদের ওপর দিয়েই। ইনিংসের পাঁচ ছক্কার প্রথম তিনটি মেরেছেন আদিল রশিদকে, পরের দুটি মঈন আলীর বলে। ভাগ্যটা সহায় ছিল, রশিদের বলেই বার দুয়েক বল আকাশে তুলে দিয়েও বেঁচে গেছেন। ও হ্যাঁ, পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ছক্কার (৬০টি) যাঁর রেকর্ড ছুঁয়েছেন, সেই ইউনিসও ৫৬ রান করেই বিদায় নিয়েছেন। প্রথম পাকিস্তানি হিসেবে নয় হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষাও বেড়েছে ইউনিসের।
এরপর ওপাশ থেকে যোগ্য সঙ্গ দিয়েছেন আসাদ শফিক। মিসবাহর ব্যাট ধীরে ধীরে আরও খাপখোলা তলোয়ার হয়েছে, ৮৭ থেকে দুই ছক্কায় পৌঁছেছেন নিরানব্বইয়ে। মঈনকে রিভার্স সুইপ করে সেঞ্চুরি করাটা বলে দেয়, স্নায়ুচাপ একদমই ছুঁতে পারেনি পাকিস্তান অধিনায়ককে। ‘এটা ছিল ক্যাপ্টেনস নক’—কোচ ওয়াকার ইউনিসের কথাটা মিসবাহকে আজকের জন্য নিশ্চয় বাড়তি প্রেরণা দেবে। ক্রিকইনফো, এএফপি।