পথ হারিয়ে ১৪৩ চিটাগং

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল চিটাগং ভাইকিংসের। ১১.৫ ওভারে স্কোরবোর্ডে ১০১ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু সেই চিটাগংই কিনা ২০ ওভার শেষে হাতে ৩ উইকেট রেখেও ১৪৩ রানের বেশি করতে পারল না। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪২ রানে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত সৌম্য-এনামুল-মিসবাহদের সংগ্রহটা চোখ রাঙাতে পারল না কুমিল্লাকে।
কুমিল্লার সেরা বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। সৌম্য-এনামুল আর সোহরাওয়ার্দী শুভর উইকেট তিনটি তুলে নিয়েছেন তিনি। সাইফউদ্দিনকে কুমিল্লা ধন্যবাদ জানাবে মারকুটে হয়ে ওঠার সম্ভাবনা জাগানো সৌম্যকে দ্রুত ফেরানোয়। এনামুলের উইকেটটি তুলে নিয়েও চিটাগংকে পথভ্রষ্ট করেছেন তিনি। সাইফের সঙ্গে কুমিল্লার ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভো দিলশান মুনাবীরা ও লুইস রিসকে ফেরান। পাশাপাশি অধিনায়ক নবী ও পেসার আল-আমিন হোসেন একটি করে উইকেট নিয়ে কুমিল্লার প্রথম জয়ের রাস্তাটা মোটামুটি পরিষ্কার করেছেন। এখন বাকি কাজ ব্যাটসম্যানদের।
চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের লুক রনকির। ২১ বলে ৪০ রান করে নবীর অফস্পিনে অলক কাপালির হাতে ক্যাচ দেন তিনি। সৌম্য (৩৮) নিজের উইকেটটি বিলিয়েছেন অযথাই। সাইফের বলে স্টাম্প অরক্ষিত রেখে স্কুপ খেলতে গিয়েই সর্বনাশ ডেকে আনেন। দ্রুত উইকেট হারিয়ে ফেলার চাপ থেকে রেহাই পেতেই মুনাবীরা কিংবা এনামুলরা বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু সেটি সফল হয়নি। মুনাবীরা ২১ রান করেন। তবে শেষ দিক জিম্বাবুইয়ান সিকান্দার রাজা ১৩ বলে ১৮ রানে করলে সংগ্রহটা মোটামুটি বলার মতো হয় চিটাগংয়ের।