পদত্যাগ করতে চেয়েছিলেন আজহার
মোহাম্মদ আমির থাকায় দলের ফিটনেস ক্যাম্প বর্জনই শুধু নয়, পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্বও তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন!
স্পট ফিক্সিংয়ের দায়ে জেল খাটা ও পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটানো আমিরকে কিছুতেই জাতীয় দলে মেনে নিতে পারছিলেন না আজহার আলী ও পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। যে কারণে নিউজিল্যান্ড সফর সামনে রেখে লাহোরে শুরু হওয়া দলের ফিটনেস ক্যাম্প বর্জন করেছিলেন তাঁরা। তাঁদের ফেরাতে দুজনের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। ওই সাক্ষাতে নিজের পদত্যাগপত্র বোর্ডপ্রধানকে দিয়েছিলেন আজহার আলী। কিন্তু শাহরিয়ার খান তা গ্রহণ করেননি। উল্টো বুঝিয়ে-সুঝিয়ে তাঁকে নেতৃত্ব চালিয়ে যেতে রাজি করানো হয়েছে বলে জানিয়েছে পিসিবি।
তবে ক্রিকইনফোর এক খবরে বলা হয়েছে, আজহার ফিটনেস ক্যাম্পে যোগ দিতে রাজি হলেও নেতৃত্বে থাকবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন।
আজহার যে সিদ্ধান্তই নেন সেটি পরের কথা, মোহাম্মদ আমির দুই দিনে দুটি সুসংবাদ শুনলেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান এক দিন আগে আমিরের দলভুক্তির পক্ষে কথা বলেছেন, ‘সে সবার কাছে ক্ষমা চেয়েছে। তাই যারা তার দলভুক্তির বিরোধিতা করছে, সেটা বন্ধ করার আবেদন রাখছি তাদের কাছে।’ আর গতকাল পাকিস্তানের এক আদালত এক রায়ে আমিরের দলভুক্তির পক্ষে কোনো বাধা নেই বলে জানিয়েছেন। পাকিস্তানের এক আইনজীবী লাহোরের উচ্চ আদালতে আমিরের জাতীয় দলে ফেরার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। এএফপি, ক্রিকইনফো, দ্য ডন।