পদত্যাগ করবেন না ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে পরাজয় দিয়ে শুরু। পরে তিন ওয়ানডের সিরিজ এবং টি-টোয়েন্টি মিলিয়ে ৪-০ ব্যবধানে হার। পাকিস্তানে ওয়াকার ইউনিসের সমালোচনা বাড়ছেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস তো ওয়াকারের পদত্যাগই চেয়ে বসেছেন। তবে ওয়াকার সাফ জানিয়ে দিলেন, পদত্যাগের চিন্তাভাবনা তাঁর মাথায় নাই।
কোচ হিসেবে তাঁর পারফরম্যান্সে খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এই পরিস্থিতিতে পদত্যাগ করবেন কিনা—এমন এক প্রশ্নে পাকিস্তানের জিয়ো টিভিকে ওয়াকার বলেছেন, ‘আমার কথাই বলুন, নির্বাচক, খেলোয়াড় কিংবা ক্রিকেট বোর্ড—সবারই আলাদা আলাদা দায়িত্ব আছে, আছে দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।’ তবে নিজে থেকেই সরে দাঁড়াবেন না ওয়াকার, ‘আমি ওভাবে চিন্তা করছি না। এটা পিসিবির ব্যাপার, যা করার তারাই করবে। তবে একটা ব্যাপার আমি বুঝি, এই সময়ে সবার ধৈর্য ধরা দরকার।’ কেন ধৈর্য ধরা দরকার, সেটিও বুঝিয়ে বলেছেন একসময়ের দুর্ধর্ষ ফাস্ট বোলার, ‘আমরা সিনিয়র ক্রিকেটারদের হারিয়েছি। দলে নিয়ে এসেছি নতুন নতুন খেলোয়াড়। নতুন অধিনায়ক, দলে নতুন কম্বিনেশন। মানিয়ে নিতে সময় তো লাগবেই।’ তবে ওয়াকার এটাও মানছেন, বাংলাদেশের কাছে পাকিস্তান ধবলধোলাই আগে থেকে কল্পনাই করতে পারেননি, ‘জানতাম সিরিজটা কঠিন হবে। কারণ ক্রিকেট নিয়ে কয়েক বছর ধরে কাজ করে বাংলাদেশ এখনকার অবস্থায় এসেছে এবং তাদের প্রতিষ্ঠিত খেলোয়াড়ও আছে। তবে আমরা এমন বাজে খেলব এটা কল্পনাও করিনি। অবশ্য কৃতিত্বটা বাংলাদেশকে না দিলে ভুল হবে। ভালো ক্রিকেট খেলেছে তারা।’ পিটিআই।