পদত্যাগ করবেন ফারুক

বিসিবির বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট দল নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন বর্তমান প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কাল বোর্ড সভায় অনুমোদনের পর এই সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় তাঁর পক্ষে কাজ করা সম্ভব নয়। তিনি যেকোনো সময় পদত্যাগ করবেন।
ব্যক্তিগত সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কাল রাতে সেখান থেকেই মুঠোফোনে বলেছেন, ‘এটা নিশ্চিত যে এই প্রক্রিয়ায় আমি কাজ করব না। কারণ এভাবে নির্বাচক কমিটি কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমি দেশে ফিরে অথবা এখান থেকেও পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারি।’ গত ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেলেও বিসিবির অনুরোধে এই কয় মাস কাজ চালিয়ে গেছেন তিনি।
বোর্ড পরিচালকদের অংশগ্রহণে নতুন দল নির্বাচনপ্রক্রিয়ায় বাইরের হস্তক্ষেপের সম্ভাবনা প্রবল বলে মনে করেন ফারুক। নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও এটিকে সহায়ক কোনো পদ্ধতি বলে মনে হচ্ছে না তাঁর কাছে। তা ছাড়া বোর্ড পরিচালক এবং ম্যানেজারের অন্তর্ভুক্তিতে এখানে স্বার্থের সংঘাতও অনিবার্য দেখছেন তিনি।
ফারুক বিস্মিত হাবিবুল বাশারকে মহিলা দলের নির্বাচকের দায়িত্ব দেওয়াতেও। ‘সিনিয়র নির্বাচক কমিটিতে খুব ভালো কাজ করছিল হাবিবুল বাশার। তাঁকে মহিলা দলের দায়িত্ব দেওয়া মানে কেউ তাঁর ওপর ব্যক্তিগত ক্ষোভ মেটাচ্ছে’—বলেছেন তিনি। তবে হাবিবুল বাশার নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।