পদত্যাগ করলেন মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর। ধারণা করা হচ্ছে, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী বোর্ড পুনর্গঠন নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন মনোহর। এ ছাড়া বিসিসিআইয়ের সভাপতি থাকা অবস্থায় তিনি আইসিসির চেয়ারম্যান হতে পারেন কি না, সেই প্রশ্নও উঠেছিল।

আইসিসিতে প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, কেউ আইসিসির চেয়ারম্যান পদে থাকাকালীন কোনো দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান পদে নির্বাচন হবে ২৩ মে। সেই পদে প্রার্থী হতেই হয়তো মনোহরের পদত্যাগের সিদ্ধান্ত।

কাল বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মনোহর। পরে এক বিবৃতিতে অনুরাগ ঠাকুর বলেছেন, একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেছেন মনোহর। এএফপি।