পন্টিং তখন ছিলেন ম্যাককালামের সঙ্গেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি পন্টিং। ছবি: সংগৃহীত
রিকি পন্টিং। ছবি: সংগৃহীত

ব্রেন্ডন ম্যাককালামকে ‘ব্যবসায়িক প্রস্তাবের’ নামে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ফেলতে চেয়েছিলেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। খবরটা পুরোনো। এ ব্যাপারে লন্ডনের আদালতে সাক্ষ্য দিয়ে ব্যাপারটা সবার সামনেই তুলে ধরেছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক। নতুন তথ্য হচ্ছে, কেয়ার্নসের সঙ্গে ফোন আলাপের সময় নাকি ম্যাককালামের সামনে উপস্থিত ছিলেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং।
পন্টিং অবশ্য ঘটনাটা জানিয়েছেন লন্ডন আদালতকেই। অস্ট্রেলিয়া থেকে ভিডিও কনফারেন্সে পন্টিং জানিয়েছেন, কেয়ার্নসের সঙ্গে আলাপের বিষয়টিকে ম্যাককালাম ‘ব্যবসায়িক আলাপ’ হিসেবে অভিহিত করার পর এ ব্যাপারে তাঁকে তিনি আর কোনো প্রশ্ন করেননি।
সাউথওয়ার্ক ক্রাউন আদালতের কাছে পন্টিং সেদিনের ঘটনাটি বর্ণনা করেছেন একটু নাটকীয় ভাষাতেই, ‘২০০৮ সালে প্রথম আইপিএলের সময়কার ঘটনা এটি। কলকাতার হোটেলে আমি আর ম্যাককালাম বসে আড্ডা দিচ্ছি, এমন সময় ম্যাকির ফোনে একটা কল এল। ফোনটা ধরেই সে আমার দিকে তাকিয়ে বলল, কেয়ার্নস ফোন করেছে। ফোনালাপটা খুবই সংক্ষিপ্ত ছিল। পাঁচ মিনিটের বেশি বোধ হয় সে কথা বলেনি। ফোন রেখে সে বলেছিল, তেমন কিছু না, কেয়ার্নস ব্যবসায়িক আলাপ করতে ফোন দিয়েছিল। আমি আর তাঁকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করিনি।’
পন্টিং নিজের কথা বলে অবশ্য আইনজীবীদের জেরারও মুখোমুখি হন। তাঁকে প্রশ্ন করা হয়, যে ব্যবসায়িক প্রস্তাবটা কেয়ার্নস ম্যাককালামকে দিয়েছিলেন, সেটা তাঁর কাছে বিশেষ কিছু মনে হয়েছে কিনা! এই প্রশ্নের জবাবে পন্টিং সহজভাবেই বলেছেন, যেহেতু ব্যাপারটা সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না, তাই এটিকে বিশেষ কিছু মনে হওয়ার কোনো কারণ ঘটেনি। 

কেয়ার্নসের সঙ্গে ম্যাককালামের পরে কী হয়েছে না হয়েছে, এ ব্যাপারে কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন পন্টিং। নিজের কথা বলতে গিয়ে পন্টিং বলেছেন, তাঁর কাছে ক্রিকেট-দুর্নীতি সংক্রান্ত কোনো প্রস্তাব কেউ দিলে তিনি অবশ্যই ব্যাপারটি দুর্নীতি দমনে দায়িত্বরত লোকজনকে জানাতেন। সূত্র: এএফপি।