পন্টিংও চান শুদ্ধি অভিযান
ভিভ রিচার্ডস তো সরাসরিই প্রশ্ন তুলেছেন। বিশ্বকাপের আগে আগে আইসিসির এমন অবৈধ বোলিং শুদ্ধি অভিযান সন্দেহজনক ঠেকছে তাঁর কাছে। রমিজ রাজা এমন প্রশ্ন তোলেননি। তবে ক্রিকেটে বৈচিত্র্যের স্বার্থে বোলারদের, বিশেষ করে অফ স্পিনারদের কিছুটা ছাড় দেওয়ার পক্ষপাতী সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান। শুদ্ধি অভিযান নিয়ে এমন মতামত যেমন আছে তেমনি আছে এর উল্টো মতও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং যেমন আইসিসির এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। ক্রিকেটের স্বার্থে এমন শুদ্ধি অভিযান খুব জরুরি বলেও মনে করেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘আমি পুরোপুরি এর পক্ষে। আমি মনে করি এটা (অবৈধ বোলিং) এখন সীমা ছাড়িয়ে গেছে। গত ১৫ বছরে ক্রিকেট খেলেছে এমন যে কাউকে জিজ্ঞেস করেন, সবাই প্রথমে একটা কথাই বলবে, অস্বাভাবিকের চেয়েও বেশি এসব বোলিং অ্যাকশনের মূলোত্পাটন চায় তারা।’
আইসিসির নিয়মানুযায়ী বোলিংয়ের সময় একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকা করতে পারবেন। কিন্তু আজমল ও সেনানায়েকের অ্যাকশন পরীক্ষার পর জানা গেছে দুজনেরই কনুই প্রায় ৪৩ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়! আরও অনেকের মতো পন্টিংয়ের কাছেও এটা রীতিমতো বিস্ময়কর, ‘গত কয়েক সপ্তাহে সন্দেহভাজন এমন কয়েকজনের বোলিং অ্যাকশনে আমরা মাত্রা ছাড়ানো ডিগ্রির বাঁক দেখতে পেয়েছি। আমি এই ধরনের বোলিং অ্যাকশন ক্রিকেট থেকে সমূলে উত্পাটনের পক্ষে।’ ক্রিকইনফো।