পন্টিংকে ছাড়ানোর অপেক্ষায় কোহলি

অনেক বড় এক অর্জনের সামনে কোহলি।ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর একটা সেঞ্চুরিও পাওয়া হয়নি বিরাট কোহলির। অন্য যেকোনো ব্যাটসম্যান হলে হয়তো এই তথ্যটা খুব একটা আলোড়ন তুলত না কারও মধ্যে। কিন্তু কোহলি তো আর দশজন ব্যাটসম্যানের মতো নন। আধুনিক ক্রিকেটের শ্রেষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে অধিকাংশ মানুষই ভারতীয় অধিনায়কের নামটা বলবেন। সেই ব্যাটসম্যান একটা গোটা বছর ধরে সেঞ্চুরি পাচ্ছেন না, এমন তথ্যে একটু কেমন-কেমন লাগাই স্বাভাবিক।

২০০৮ সাল থেকে প্রতিবছর অন্তত একটা সেঞ্চুরি করেছেন কোহলি। এ বছর করোনাভাইরাসের কারণে এমনিতেই ক্রিকেট সূচি সীমিত হয়ে পড়েছে অনেক, আর সেই সীমিত সূচিতেও শতক ছোঁয়া হয়নি কোহলির। তবে সুযোগ যে একেবারেই শেষ, তা নয়। এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে দিনরাতের অ্যাডিলেড টেস্ট আছে। টেস্টে কোহলি দুবার সুযোগ পাবেন সেঞ্চুরি করার। আর সেই সেঞ্চুরিটা যদি হয়েই যায়, তবে ২০০৮ সাল থেকে চলে আসা সেঞ্চুরির ধারায় কোনো ব্যাঘাত ঘটবে না তো বটেই, সঙ্গে আরেকটা দুর্দান্ত রেকর্ডে নাম লেখাবেন ভারতের অধিনায়ক। পেছনে ফেলবেন অস্ট্রেলিয়ারই সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে।

এ বছর একটা সেঞ্চুরিও পাওয়া হয়নি বিরাট কোহলির।
ছবি: টুইটার

অ্যাডিলেড টেস্টে সেঞ্চুরি পেলে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টা সেঞ্চুরি হয়ে যাবে কোহলির। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় পন্টিংয়ের সঙ্গে ৪১টা সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন বিরাট কোহলি।

আরেকটা সেঞ্চুরি হলে শীর্ষস্থানটা আর ভাগাভাগি করতে হবে না, কোহলিই হবেন একক রাজাধিরাজ। পেছনে ফেলবেন পন্টিংকে। দেশের বাইরে এই প্রথম দিনরাতের টেস্ট খেলছে ভারত। দুর্দান্ত এই উপলক্ষকে একটা সেঞ্চুরি দিয়ে কোহলি রাঙাতে চাইবেন না, তা কি হয়? এসব উপলক্ষকে নিজের করে নিতে কোহলির যে জুড়ি নেই!

টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারত।
ছবি: টুইটার

এমনিতেই চার টেস্টের সিরিজের প্রথম টেস্টটা ছাড়া আর খেলা হবে না কোহলির। সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন ভারতের অধিনায়ক, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সর্বত্র। প্রথম টেস্টে সেঞ্চুরি করে একই সঙ্গে দলকে টেস্ট সিরিজে সুবিধাজনক অবস্থার পাশাপাশি নিন্দুকদের মুখও বন্ধ করে দিতে চাইবেন ভারত অধিনায়ক।

বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের কাছে রাখার লড়াই ভারত শুরু করবে ১৭ ডিসেম্বর। এর আগেরবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ট্রফিটা নিজেদের করে নিয়েছিল ভারত।