পন্টিংকে পেরিয়ে, সামনে শুধু টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সেঞ্চুরির পর বিরাট কোহলি। ছবি: এএফপি
আজ সেঞ্চুরির পর বিরাট কোহলি। ছবি: এএফপি

ব্যাট উঁচিয়ে ধরা, মুষ্টিবদ্ধ হাতে বাহুর পেশি দেখানো—সেঞ্চুরির পর বিরাট কোহলির এই উদ্‌যাপন আর নতুন কী! ‘রান মেশিন’ তকমা পাওয়া ভারতীয় অধিনায়কের কাছে সেঞ্চুরি জিনিসটা এতটাই নিয়মিত, উদ্‌যাপনে আর কতই নতুনত্ব আনবেন! মুম্বাইয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন অঙ্কে ছুঁয়ে ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে।

ওয়ানডেতে সেঞ্চুরি সংখ্যায় কোহলির সামনে এখন শুধুই শচীন টেন্ডুলকার। পন্টিংয়ের ৩০ সেঞ্চুরি ছাড়িয়ে যেতে ভারতীয় ব্যাটিং সেনসেশনের লেগেছে ২০০ ম্যাচ। ৪৬৩ ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে চূড়ায় বসা টেন্ডুলকারকে ছাপিয়ে যেতে কোহলির আর কত ম্যাচ লাগতে পারে, সে হিসাব এখনই করা কঠিন। তবে এটা তো জানা যায়, ২০০ ওয়ানডেতে টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ১৮টি!
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটা একটু ‘খারাপ’ই গেছে কোহলির! পুরো সিরিজে মাত্র একটা ফিফটি (৯২) কি মানায় ভারতীয় অধিনায়কের পাশে? একটা সিরিজে তিন অঙ্কের দেখা না পেয়ে রানের ক্ষুধা কতটা তীব্র হয়েছে কোহলির, সেটা তো আজ দেখাই গেল ওয়াংখেড়ে। ২৯ রানে দুই ওপেনারকে হারানো ভারত শেষ পর্যন্ত ২৮০ রানের স্কোর পেল তাঁর ১২১ রানের সৌজন্যে।
ক্রিকেটে সব ব্যাটসম্যানের জন্য এখন এভারেস্টটির নাম টেন্ডুলকার। অন্তত রেকর্ড বিচারে সেই শৃঙ্গ কি ছুঁতে পারবেন কোহলি? নাকি নিজেকে নিয়ে যাবেন আরও উচ্চতায়? সময়ের মুঠোয় যে প্রশ্নে উত্তর লুকানো, সেটা কেইবা জানতে পারে। তবে এখন যে গতিতে ছুটছেন, সেই ধারা ধরে রাখতে পারলে অন্তত রঙিন পোশাকে টেন্ডুলকারকে ছোঁয়ার যে সম্ভাবনা আছে, ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরই উঠানে সেঞ্চুরি করে আরেকবার জানালেন কোহলি!

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি

 ম্যাচসেঞ্চুরি
শচীন টেন্ডুলকার৪৬৩৪৯
বিরাট কোহলি২০০৩১
রিকি পন্টিং৩৭৫৩০
সনাৎ জয়াসুরিয়া৪৪৫২৮
হাশিম আমলা১৫৮২৬