পন্টিংকে বার্তা অশ্বিনের, ‘পরে আমাকে দোষ দেবেন না’
রবিচন্দ্র অশ্বিনের ডাক শুনতে পাচ্ছেন রিকি পন্টিং? ডাক না বলে হুমকি বলাই ভালো। কাল রাতে আইপিএল ম্যাচ শেষে দিল্লি ক্যাপিটালস স্পিনারের টুইট, ‘সোজাসাপ্টা করে বলি!! এটা ২০২০ সালের প্রথম ও শেষ সতর্কবার্তা। আনুষ্ঠানিকভাবেই বললাম, পরে আমাকে দোষ দেবেন না।’ এরপর দিল্লি কোচ রিকি পন্টিংকে ট্যাগ করেছেন অশ্বিন। অ্যারন ফিঞ্চকে নিয়েও লিখেছেন, ‘অ্যারন ফিঞ্চ এবং আমার সম্পর্ক ভালোই কিন্তু...। কথা শেষ করেছেন দুটো হাসির ইমোয়।
কাল দিল্লি-বেঙ্গালুরু ম্যাচ না দেখে থাকলে প্রশ্ন জাগাই স্বাভাবিক কেন এই হুমকি আর কিন্তুটা-ই বা কি? বেঙ্গালুরুর ইনিংসে তৃতীয় ওভারে আক্রমণে আসেন অশ্বিন। চতুর্থ বলটি করার সময় দৃশ্যটা দেখা গেল। অশ্বিন বল ছাড়ার আগেই ক্রিজ থেকে বেরিয়ে যান বেঙ্গালুরু ওপেনার ফিঞ্চ। দৃষ্টিকটুরকম দূরত্বে দাঁড়িয়ে ছিলেন তিনি। অশ্বিনের ‘মানকাড’ আউট করার ইতিহাস থাকলেও এ যাত্রায় ফিঞ্চকে বাঁচিয়ে দেন ভারতীয় স্পিনার। সতর্কবার্তা হিসেবে তাঁকে ক্রিজে ফিরে যেতে বলেন। ম্যাচটা ৫৯ রানে জেতার পর এ নিয়ে টুইটটি করেন অশ্বিন।
দিল্লি স্পিনারের এই টুইটের পটভূমি আছে। আইপিএলে গত মৌসুমে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ‘মানকাড’ আউট করে তুমুল বিতর্ক তুলেছিলেন অশ্বিন। ক্রিকেটীয় চেতনা অনুযায়ী কাজটা ঠিক না ভুল—এ নিয়ে তখন ভীষণ বিতর্ক হয়েছিল ক্রিকেট মহলে। পক্ষে-বিপক্ষে মত দিয়েছিলেন অনেকে। তবে সাদা চোখে কাল অশ্বিন বল ছাড়ার আগেই ফিঞ্চ ক্রিজ থেকে যতটা বেরিয়ে গিয়েছিলেন সেটাও কিন্তু ক্রিকেটীয় চেতনার সঙ্গে বেমানান।
পন্টিং এ মৌসুমের আগে কোচ হয়ে এসেছেন দিল্লির। এই ফ্র্যাঞ্চাইজি দলে অশ্বিন থাকায় পন্টিং এসেই বলে দিয়েছিলেন, তিনি কোচ থাকতে ওসব মানকাড আউট চলবে না। তবে বল ছাড়ার আগে ক্রিজ ছেড়ে ব্যাটসম্যানের বেরিয়ে যাওয়াকে ‘প্রতারণা’ও বলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক। এ জন্য তিনি রান জরিমানার সুপারিশও করেছেন। তবে কাল অশ্বিন কোচের কথা মেনে ফিঞ্চকে মানকাড আউট করেননি। ক্যামেরায় দেখা যায়, মাঠে অশ্বিনের এই কাজ দেখে ড্রেসিং রুমে হাসছেন দিল্লি কোচ পন্টিং।
অশ্বিনের টুইটে ‘কিন্তু’র ব্যাখ্যাটা সম্ভবত এমন—বল ছাড়ার আগে ব্যাটসম্যানের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া আইনের পরিপন্থী। এ পরিস্থিতিতে ব্যাটসম্যানকে রান আউট করলে সেটা আবার ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। ব্যাটসম্যান জেনেবুঝে কিংবা অবচেতন মনেই এ কাজ করে যেতে পারলে বোলার কেন মানকাড আউট করবে না? সে যাই হোক, এমন ব্যাটসম্যানেরা সাবধান, আর সুযোগ দেবেন না অশ্বিন!