পন্টিংয়ের আইপিএল-একাদশে নেই ডি ভিলিয়ার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি। তবে টেস্ট কিংবা টি-টোয়েন্টিতেও দলের প্রয়োজনে যেভাবে খুশি ব্যাট করতে জানেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট মাঠের যেকোনো স্থানে বল পাঠাতে পারেন এই ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান। তবু তাঁকে নিজের সেরা একাদশে জায়গা দিতে পারেননি রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে বলা হয়েছিল আইপিএল ইতিহাসের সেরা একাদশ বেছে নিতে। সেখানে জায়গা মেলেনি ডি ভিলিয়ার্স, ব্র্যান্ডন ম্যাককালাম কিংবা রবিচন্দ্রন অশ্বিনের! 

সম্প্রতি আইপিএলের এই মৌসুমের সেরা একাদশ বাছতে বলা হয়েছিল পন্টিংকে। সেখানে খুব একটা চমক রাখেননি। তবে সাতজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে নিয়ম ভেঙেছিলেন পন্টিং। আইপিএলে তো এক দলে বিদেশি নেওয়া যায় সর্বোচ্চ চারজন! কিন্তু গত দশ বছরের সেরা একাদশ বাছার সময় সে স্বাধীনতা দেওয়া হয়নি পন্টিংকে। সে কারণেই অনেক বড় বড় নামই বাদ পড়েছে পন্টিংয়ের দল থেকে—

ওপেনিংয়ে থাকছেন গেইল। ছবি: বিসিসিআই
ওপেনিংয়ে থাকছেন গেইল। ছবি: বিসিসিআই

১. ক্রিস গেইল (কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ম্যাচ: ১০০, রান: ৩৫৭৮, ফিফটি: ২১, সেঞ্চুরি: ৫, স্ট্রাইকরেট: ১৫১.৬১

২. ডেভিড ওয়ার্নার (দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ)
ম্যাচ: ১১২, রান: ৩৯০৯, ফিফটি: ৩৫, সেঞ্চুরি: ৩, স্ট্রাইকরেট: ১৪২.৭৮
বেছে নেওয়ার কারণ, ‘আমি সবচেয়ে বিপজ্জনক দুই ব্যাটসম্যানকেই বেছে নিয়েছি। আমার মনে হয় না, আমি যদি ওপেনিং বোলার হতাম তাহলে এ দুজনকে একসঙ্গে নামতে দেখলে বোলিং করতে চাইতাম।’

৩. বিরাট কোহলি (রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ম্যাচ: ১৪৮, রান: ৪৩৬০, ফিফটি: ২৯, সেঞ্চুরি: ৪, স্ট্রাইকরেট: ১২৯.৮৩
‘কোহলি এমন একজন ক্রিকেটার যাকে দলে সব সময়ই রাখতে হবে। রান তাড়া করার ব্যাপারে সে দুর্দান্ত। যখনই ম্যাচ বাঁচানোর প্রশ্ন ওঠে, তখনই সে এগিয়ে আসে এবং ম্যাচ জিতিয়ে আসে।’

চার বিদেশির মাঝে জায়গা হয়নি ডি ভিলিয়ার্সের। ছবি: বিসিসিআই
চার বিদেশির মাঝে জায়গা হয়নি ডি ভিলিয়ার্সের। ছবি: বিসিসিআই

৪. রোহিত শর্মা (ডেকান চার্জার্স, মুম্বাই ইন্ডিয়ানস)
ম্যাচ: ১৫৫, রান: ৪১২৯, ফিফটি: ৩২, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ১৩১.২৮
‘সে ভারতের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান। পেস কিংবা স্পিন, সে সবই ভালো খেলে। এবং সে বিগ হিটার, টি-টোয়েন্টি দলে এমন খেলোয়াড়ই দরকার আপনার।’

৫. সুরেশ রায়না (চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স)
ম্যাচ: ১৬০, রান: ৪৫৩৮, ফিফটি: ৩১, সেঞ্চুরি: ১, স্ট্রাইকরেট: ১৩৯.২০
‘স্পিনের বিপক্ষে সে দুর্দান্ত। পেসে একটু দুর্বলতা আছে, সে কারণে ওকে পাঁচে নামানো। সে ধারাবাহিক, ফিল্ডিংয়ে চটপটে। করতে পারে অফ স্পিনও।’

অধিনায়ক থাকছেন ক্যাপ্টেন কুল ধোনি। ছবি: বিসিসিআই
অধিনায়ক থাকছেন ক্যাপ্টেন কুল ধোনি। ছবি: বিসিসিআই

৬. মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস)
ম্যাচ: ১৫৫, রান: ৩৫০৬, ফিফটি: ১৭, স্ট্রাইকরেট: ১৩৬.৯৫; ক্যাচ: ৬৬, স্টাম্পিং: ২৯
‘দলের অধিনায়ক সে। ওর প্রচুর অভিজ্ঞতা এবং সে যতক্ষণ উইকেটে থাকবে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবেই।’

৭. ডোয়াইন ব্রাভো (চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়নস, মুম্বাই ইন্ডিয়ানস)
ম্যাচ: ১০৬, রান: ৩৫০৬, স্ট্রাইকরেট: ১৩৬.৯৫; উইকেট: ১২২, ইকোনমি: ৮.১৯
‘সে ব্যাটিংয়ে আহামরি কিছু করে না। তবে সে ম্যাচ জিতিয়ে আসতে পারে। বোলিংয়ে ইয়র্কার, স্লোয়ার দিয়ে শেষ দিকে ভালোই আতঙ্ক ছড়ায়।’

স্পিনের নেতৃত্ব হরভজনের কাছে। ছবি: বিসিসিআই
স্পিনের নেতৃত্ব হরভজনের কাছে। ছবি: বিসিসিআই

৮. হরভজন সিং (মুম্বাই ইন্ডিয়ানস)
ম্যাচ: ১৩৬, উইকেট: ১২২, ইকোনমি: ৬.৯৫, সেরা: ৫/১৮
‘ওর রেকর্ড অবিশ্বাস্য। তাঁর অভিজ্ঞতা প্রচুর। বিশ্ব সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে কেমন বোলিং করতে হয়, সেটি জানে বলই একাদশে তাঁকে রাখতে হবে।’

৯. অমিত মিশ্র (ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ)
ম্যাচ: ১২৪, উইকেট: ১৩৪, ইকোনমি: ৭.৩৭, সেরা: ৫/১৭
‘আমি একটু চমকে দিতে চেয়েছি মিশ্রকে নিয়ে। সে উইকেটশিকারি বোলার। অনেক দিন ধরেই ভালো করছে সে।’

১০. লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ানস)
ম্যাচ: ১০৭, উইকেট: ১৫২, ইকোনমি: ৬.৯০, সেরা: ৫/১৩
‘লাসিথ মালিঙ্গা সম্ভবত টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা বোলার। আমি অন্তত সেটাই ভাবি। নতুন বলে উইকেট নিতে পারে, ইয়র্কার দেয় এবং প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানদের নিয়মিতই আউট করে।’

জহির খান, ইরফান পাঠানদের টপকে স্থান পেয়েছেন নেহরা। ছবি: বিসিসিআই
জহির খান, ইরফান পাঠানদের টপকে স্থান পেয়েছেন নেহরা। ছবি: বিসিসিআই

১১. আশিস নেহরা (চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ানস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ)
ম্যাচ: ৮৮, উইকেট: ১০৬, ইকোনমি: ৭.৮৪, সেরা: ৪/১০
‘একজন বাঁহাতি পেসার দলে থাকা ভালো। আমি তাই নেহরাকেই বেছে নিয়েছি। নতুন বলে সুইং কোতে পারে এবং চাপের মুখে বল করতে পারে। এই ব্যাপারটিই অন্যদের চেয়ে ওকে আলাদা করে রাখবে।’