পন্টিংয়ের সর্বকালের অধিনায়কত্বের রেকর্ড ছুঁলেন ধোনি

প্রথম যখন দায়িত্বটা নিলেন, অনেকেই ভাবতে পারেনি, লম্বা চুলের এই অধিনায়কের নেতৃত্বও হবে অনেক লম্বা। ভারতীয় ক্রিকেটকে প্রায় ১০ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আসল বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি—কী জেতাননি! একসময় তিন ধরনের ক্রিকেটেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ভারত। সেই ধোনি ছুঁয়ে ফেললেন দারুণ এক রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি ছিল রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সেই রেকর্ড কাল ছুঁয়ে ফেলেছেন ধোনি। দুজনই ৩২৪টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ৩০০ ম্যাচে নেতৃত্ব দেওয়া ইতিহাসে আর একজনই আছেন। নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং। ধোনি এখনো খেলে যাবেন। ফলে নিশ্চিতভাবেই পন্টিংকেও ছাড়িয়ে যাচ্ছেন মাহি। অবশ্য এর জন্য অপেক্ষা করতে হবে টেস্ট থেকে সরে দাঁড়ানো ধোনিকে। অক্টোবরের আগে রঙিন পোশাকে কোনো ম্যাচ নেই।
৩২৪ ম্যাচের ১৭৫টিতে জয় পেয়েছেন ধোনি। ১১৭ ম্যাচে হেরেছেন। টাই হয়েছে ৫টি, ১৫টিতে ড্র। এর মধ্যে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২৭টি জয়, ১৮টি হার, ১৫ ড্র। ১৯৪ ওয়ানডের ১০৭টিতে জয়, ৭২টি হার। ৭০ টি-টোয়েন্টির ৪১টি জিতিয়েছেন। হেরেছেন ২৭টিতে।
বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সব ধরনের ক্রিকেটে ৮৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। তাঁকে ছুঁয়ে ফেলার খুব কাছাকাছি মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন ৮৪ ম্যাচে। ম্যাচ সংখ্যায় হাবিবুলকে পেরিয়ে যেতে অনেক অপেক্ষা করতে হবে মুশফিককে। তবে মাশরাফি কিন্তু একদিক দিয়ে এরই মধ্যে ছুঁয়ে ফেলেছেন হাবিবুলকে। দুজনই বাংলাদেশকে এনে দিয়েছেন ৩০টি করে জয়।