পন্ত নতুন গিলক্রিস্ট, ছাড়িয়ে যাবে ধোনিকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঋষভ পন্ত ক্রিকেটের নতুন অ্যাডাম গিলক্রিস্ট? ছবি: এএফপি
ভারতের ঋষভ পন্ত ক্রিকেটের নতুন অ্যাডাম গিলক্রিস্ট? ছবি: এএফপি
>

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করেছেন রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করবেন কোনো ভারতীয় ব্যাটসম্যান, আর তাঁকে নিয়ে মাতামাতি হবে না? তা কী করে হয়! সিডনি টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন ঋষভ পন্ত। তাঁকে নিয়ে তাই প্রশংসার ডালি খুলে বসেছেন সবাই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং তো পন্তকে বলছেন ‘নতুন গিলক্রিস্ট।’

বিদেশের মাটিতে ভালো নয় ভারত, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। চিরন্তন সত্য হতে বসা এ অভিযোগটি উড়িয়ে দিয়েছে বিরাট কোহলির বর্তমান দল। চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। চতুর্থ টেস্টেও জয় ভারতের হাতের নাগালে। এদের মাঝেই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত আলাদাভাবে নজর কেড়েছেন। কিপিং আর ব্যাটিং দুই ক্ষেত্রেই গড়েছেন অনন্য নজির। এক ম্যাচে ১১ ডিসমিসাল নিয়ে গড়েছেন রেকর্ড।

ব্যাট হাতে চলতি সিডনি টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেই হয়ে গেলেন আরেক রেকর্ডের মালিক। ২১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্বের দ্বিতীয় উইকেটরক্ষক যিনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি পেয়েছেন। আর ভারতীয় উইকেটরক্ষক হিসেবে তিনিই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে করেছেন সেঞ্চুরি। সবকিছু মিলিয়ে পন্টিং তাঁর সময়ের সেরা যোদ্ধা গিলক্রিস্টের সঙ্গে মেলাচ্ছেন পন্তকে, ‘সে একজন দুর্দান্ত প্রতিভাবান এবং অবিশ্বাস্যভাবে বল মোকাবিলা করতে পারে। খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার জ্ঞানটাও ভালো। উইকেটরক্ষক হিসেবে খুবই ভালো করছে এবং ব্যাটসম্যান হিসেবে খুবই ভালো। ধারাভাষ্য কক্ষে তাঁর ব্যাপারে কথা বলতে ছিলাম, সে যেন আরেক অ্যাডাম গিলক্রিস্ট।’

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে গিলক্রিস্টকে অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান বলা হয়। ৯৬টি টেস্ট খেলে ৪৭.৫ গড়ে ৫৫৭০ রান করেছেন গিলক্রিস্ট। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নিজেও পন্তের ইনিংসটি দেখেছেন এবং তাঁর প্রশংসা করেছেন, ‘পন্ত শুক্রবার দুর্দান্ত ইনিংস খেলেছে। তাঁর খেলা দেখে মজা পেয়েছি। সে এমন একজন ক্রিকেটার, যার খেলা দেখতে ভালো লাগে।’

পন্তকে শুধু গিলক্রিস্টের সঙ্গেই তুলনা করে থামেননি পন্টিং। তাঁর ধারণা ভারতীয় ইতিহাসের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকেও ছাড়িয়ে যাবেন পন্ত, ‘আমরা সব সময় ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা বলে থাকি। সে অনেকগুলো টেস্ট খেলে মাত্র ছয়টি সেঞ্চুরি করেছে। ধোনির চেয়ে পন্ত অনেক বেশি সেঞ্চুরি করবে।’

২১ বছর বয়সী উদীয়মান এই ক্রিকেটার এত প্রশংসার মর্যাদা রাখতে পারবেন তো?