পন্তকে অধিনায়ক করতে মানা করছেন ওয়ার্ন
সংক্ষিপ্ত সংস্করণে একজনের বেশি অধিনায়ক রাখার প্রয়োজন দেখেনি ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ কারণে বিরাট কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ওয়ানডের দায়িত্ব তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছে বোর্ড। তবে টেস্টের নেতৃত্ব কোহলির কাছেই ছিল।
কোহলি বিসিসিআইয়ের কাজটা একটু কঠিন করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ১০০তম টেস্ট অধিনায়ক হিসেবে খেলার প্রলোভন এড়িয়ে দায়িত্ব থেকে সরে গেছেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নতুন অধিনায়ক খুঁজতে হবে বোর্ডকে। কিন্তু কে পাবেন সে দায়িত্ব? রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, কে এল রাহুল, ঋশভ পন্ত—নাম কম শোনা যাচ্ছে না। কিংবদন্তি শেন ওয়ার্ন এঁদের মধ্যে পন্তকে অধিনায়ক হিসেবে দেখতে চান না।
দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিকটা ভারতের সম্ভাব্য টেস্ট অধিনায়ক কে হবেন—এই আলোচনাতেই কেটেছে। আর এ আলোচনায় সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের ভোট পেয়েছেন ঋষভ পন্ত। গত আইপিএলে দিল্লির ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন পন্ত। ২৪ বছর বয়সীর মধ্যে ভালো কিছু খুঁজে পাচ্ছেন সবাই। অনেকের ধারণা, নেতৃত্বের ভার পেলে আরও ভালো করবেন পন্ত; কোহলি যেমনটা করেছেন।
সব সংস্করণ মিলে ভারতের সেরা অধিনায়ক একজন উইকেটকিপার। মহেন্দ্র সিং ধোনি বিদায় নেওয়ার পর দ্বিপক্ষীয় সিরিজে অবিশ্বাস্য সাফল্য পেলেও আইসিসির কোনো টুর্নামেন্ট জেতেনি ভারত।
ধোনির মতো আরেকজন উইকেটকিপারকে তাই নেতৃত্ব দেওয়ার কথা ভাবতেই পারে ভারত। কিন্তু শেন ওয়ার্ন অধিনায়ক হিসেবে কোনো উইকেটকিপারকে চান না। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, ‘একজন উইকেটকিপারের অধিনায়ক হওয়া উচিত, এতে আমি বিশ্বাসী নই। আমার ধারণা, একজন উইকেটকিপার ভালো সহকারী হয়, একজন সহ–অধিনায়ক হতে পারে। ভারত দলের দিকে তাকালে, যশপ্রীত বুমরা খুব ভালো অধিনায়ক হতে পারে, রোহিত শর্মা ভালো অধিনায়ক হতে পারে।’
অনেকের নাম শোনা গেলেও ওয়ার্নের ধারণা, একজন পরিষ্কার এগিয়ে। সাবেক লেগ স্পিনারের ধারণা, তিন সংস্করণেই এক অধিনায়কের পথে হাঁটবে ভারত, ‘রোহিত সংক্ষিপ্ত সংস্করণে খুব ভালো করেছে, তাই দলের নেতৃত্বের ক্ষেত্রে ওই এগিয়ে থাকবে। কে এল রাহুলও করতে পারে। আমি রাহানের নাম বলতে পারলে খুশি হতাম, কিন্তু সে ফর্ম হারিয়ে ফেলেছে। রাহানে যদি ফর্মে থাকত কিংবা আবার ফর্ম ফিরে পায়, সে–ও অধিনায়কত্ব করতে পারে। সে খুবই ভালো অধিনায়ক। ভারতের সৌভাগ্য, তাদের এত বিকল্প আছে, কিন্তু আমার মনে হয় রোহিতই অধিনায়কত্ব পাবে।’
নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হলেও ওয়ার্ন এখনো কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত মানতে পারছেন না। আইপিএলে আগ্রাসী অধিনায়কত্ব করে সুনাম কুড়ানো ওয়ার্ন কোহলির আগ্রাসী ক্রিকেটের ভক্ত, ‘বিরাট অনেক মানুষের জন্যই অনুপ্রেরণার নাম, সে একজন অনুপ্রেরণাদায়ী নেতা। অধিনায়কত্ব থেকে ওর সরে যাওয়া দেখে খুব কষ্ট পেয়েছি। সে এখনো টেস্ট ক্রিকেট খেলছে এবং বিশ্বাস করে এটাই খেলাটার এক নম্বর সংস্করণ। সে দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলবে এবং দীর্ঘতম সংস্করণে ওকে খেলতে দেখার অপেক্ষায় আছি। আমি ওর বড় ভক্ত।’