পন্তকে সাবধান করে দিলেন গাভাস্কার
ঋষভ পন্ত আগ্রাসী ব্যাটসম্যান। সুনামটা তাঁর আছে। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে তাঁর ভয়ডরহীন ব্যাটিংই ভারতকে এনে দিয়েছিল ঐতিহাসিক এক জয়। কিন্তু তাঁর ‘অতি আগ্রাসন’ অনেক সময় দলকে বিপদে ফেলে দেয়। সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পন্তে আগ্রাসী হয়ে বেশিক্ষণ টিকতে পারেননি। ছক্কা মারতে গিয়ে ব্যক্তিগত ৪১ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।
পন্ত অবশ্য ভাগ্যের ছোঁয়া পেয়েছিলেন। সাউদি শুরুতেই স্লিপে তাঁর ক্যাচ ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারলেন কোথায়? তাঁর গোটা ইনিংসই ছিল এগিয়ে গিয়ে শট মারতে চাওয়া, মিস হিটে পূর্ণ। প্রতিভাবান পন্তের এমন ব্যাটিংয়ে বেশ খানিকটা উদ্বেগই প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার।
গাভাস্কার পন্তকে ‘ভয়ডরহীন আর উদাসীনতা’র মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটিতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন, ‘কেউ ভয়ডরহীন হতেই পারে। কিন্তু ভয়ডরহীন আর উদাসীনতাকে গুলিয়ে ফেললে হবে না। এ দুইয়ের মধ্যে যে সূক্ষ্ম লাইন, সেটা অতিক্রম করা যাবে না। পন্তের ব্যাটিং দেখে মনে হয়েছে, সে এ লাইনটা দেখতে পায়নি। অতীতেও সে ৯০ রানে দাঁড়িয়ে বাজে শট খেলে শতক হাতছাড়া করেছে। শট নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অথচ, দারুণ একজন ক্রিকেটার হয়ে ওঠার অনুষঙ্গগুলো কিন্তু পন্তের মধ্যে আছে।’
সাউদাম্পটনের হার বদলে দিয়েছে গোটা চিত্র, ভারতীয় দলের অন্দরের চিত্রটা আর কি! এত দিন ধরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম করা ভারতীয় দলের ব্যাটিংয়ে যেন আত্মবিশ্বাসের অভাবটাই টের পাওয়া গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অধিনায়ক কোহলি তো ইঙ্গিতই দিয়ে দিয়েছেন দলে পরিবর্তনের। তিনি জানিয়েছেন, তিনি ভবিষ্যতে এমন ব্যাটসম্যানদের প্রাধান্য দেবেন, যাঁর টেস্ট খেলার ‘সঠিক মানসিকতা’ আছে।
কারও না না নিয়ে তাঁর মন্তব্যটা ছিল এমন, ‘দলকে শক্তিশালী করতে পর্যালোচনায় বসতে হবে। আমরা আর এক বছর অপেক্ষায় রাজি নই। দ্রুততার সঙ্গে কী করতে হবে, সেটি ঠিক করা দরকার। আমি মনে করি ভবিষ্যতে ভারতীয় দলে এমন ব্যাটসম্যানদেরই সুযোগ দেওয়া উচিত, যার টেস্ট খেলার সঠিক মানসিকতা আছে।’
গাভাস্কারের পরামর্শ পন্ত ঠিকমতো শুনছেন তো! কোহলির কথায় তো মনে হচ্ছে ‘উদাসীন’ ক্রিকেটারদের কপালে ভবিষ্যতে দুঃখই আসছে। গাভাস্কারের কথামতো পন্তকে দ্রুত ভয়ডরহীন আর উদাসীনতার সূক্ষ্ম লাইনটা বোঝা শুরু করতে হবে।
পন্তের জন্য যেন সাবধানবাণীই উচ্চারণ করলেন ক্রিকেট কিংবদন্তি!