পন্তের জুতোর ফিতা বেঁধে মন জিতলেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু পারফরম্যান্স নয়, নিজের অসাধারণ আচরণ দিয়েও ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিচ্ছেন যুবরাজ। ছবি: বিসিসিআই
শুধু পারফরম্যান্স নয়, নিজের অসাধারণ আচরণ দিয়েও ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিচ্ছেন যুবরাজ। ছবি: বিসিসিআই

ভারতের ক্রিকেটে যুবরাজ সিং অতি জনপ্রিয় এক নাম। ১৭ বছরের ক্যারিয়ারে দলকে দিয়েছেনও অনেক কিছু। পরশু আইপিএলে দিল্লির বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে না পারলেও খেলেছেন ৪১ বলে ৭০ রানের ইনিংস। তবে এই পারফরম্যান্সের জন্য নয়, যুবরাজ মানুষের মন জিতে নিয়েছেন অন্য একটি কারণে। 

হায়দরাবাদের ১৮৫ রানের জবাবে ব্যাট করছিল দিল্লি। ব্যাটিংয়ের এক পর্যায়ে জুতার ফিতা খুলে গিয়েছিল দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তের। কাছাকাছি ফিল্ডিং করছিলেন যুবরাজ। পন্তের দিকে এগিয়ে গেলেন। কোনো দ্বিধা না করে তাঁর সামনে হাঁটু মুড়ে বসলেন যুবরাজ। বেঁধে দিলেন তার চেয়ে ১৬ বছরের ছোট পন্তের জুতার ফিতা। মুহূর্তটি ক্যামেরাবন্দি তো হলোই, ইন্টারনেটে ছড়িয়ে পড়তেও খুব একটা সময় লাগল না। দিল্লির ৬ উইকেটের জয়ে পন্তের অবদান ২০ বলে ৩৪ রান।

২০০০ সালে যখন যুবরাজের অভিষেক ভারতের হয়ে, পন্তের বয়স মাত্র তিন বছর। কিন্তু সেই যুবরাজ নিজের তারকা অহং, বয়সের তারতম্য কোনোটাকেই বেশি গুরুত্ব না দিয়ে পরিচয় দিলেন সত্যিকারের স্পোর্টসম্যানশিপের।
যুবরাজ এবারের আইপিএলে আরও একবার আলোচনায় এসেছিলেন। কলকাতা নাইট রাইডার্স আর হায়দরাবাদের ম্যাচে বেঁধে গিয়েছিল রবিন উথাপ্পা আর সিদ্ধার্থ কাউলের। কলকাতার ব্যাটসম্যান উথাপ্পা আর হায়দরাবাদের বোলার কাউলকে বুঝিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে এনেছিলেন যুবরাজই। সূত্র: জি নিউজ