পরাজয়ের প্রথম স্বাদ গাজীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী গ্রুপ জিতবে, ভিক্টোরিয়া হারবে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে লিগের প্রথম নয় রাউন্ডে এটাই ছিল ‘নিয়ম’। নিয়মটা ভেঙে গেল দশম রাউন্ডে এসে। পরশু পারটেক্সকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ভিক্টোরিয়া। আর প্রথম নয়টি ম্যাচ জিতেই উড়তে থাকা গাজী গ্রুপকে কাল মাটিতে নামিয়েছে কলাবাগান। ফতুল্লায় মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে ১২৭ রানে হেরেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গাজী।
কাল বড় জয় পেয়েছে সুপার লিগের লড়াই থেকে ছিটকে পড়া ব্রাদার্সও। বিকেএসপিতে মোহামেডানকে তারা হারিয়েছে ১২৯ রানে। দিনের তৃতীয় ম্যাচটি দেখেছে হাড্ডাহাড্ডি লড়াই। যাতে ১ বল ও ২ উইকেট হাতে রেখে প্রাইম ব্যাংকের ২৭০ রান পেরিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি।
মোহামেডানের হার ও শেখ জামালের জয় সুপার লিগের শেষ দুটি স্থানের লড়াই জমিয়ে দিয়েছে। ১০ ম্যাচে সমান ১২ পয়েন্ট পাওয়া এই দুটি দলই ২১ মে পরস্পরের বিপক্ষে খেলবে প্রথম পর্বের শেষ রাউন্ডে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রূপগঞ্জও আছে সুপার লিগ ওঠার লড়াইয়ে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয়ের জন্য শেষ ১০ ওভারে ৭০ রান দরকার ছিল শেখ জামালের। তাদের হাতে ছিল ৪ উইকেট। ৪১তম ওভারের তৃতীয় বলে রাজিনের বিদায়ে সমীকরণটা হয়ে যায় আরও কঠিন। কঠিনকে জয় করার দায়িত্বটা এরপর কাঁধে তুলে নেন ইলিয়াস সানি (৪৪) ও মাহমুদুল হক (২৭*)। ৫৩ বলে ৬৪ রানের জুটি গড়ে সানি যখন ফিরলেন, ৪ বলে ৬ রান দরকার শেখ জামালের। ওভারের পঞ্চম বলে চার মেরেই দলকে জিতিয়ে দিলেন উইকেটকিপার মাহমুদুল।
পাশের মাঠে এবারের লিগে জুনায়েদ সিদ্দিকের দ্বিতীয় সেঞ্চুরিতে নির্ধারিত ৪৯ ওভারে ২৭৬ রান করে ব্রাদার্স। ওপেনার জুনায়েদ ১১০ রান করে ফিরেছেন ৪৭তম ওভারে। ১ উইকেটে ১০৩ রান—মোহামেডানের শুরুটা খারাপ ছিল না। এরপরই নামে ধস, আর মাত্র ৪৪ রান তুলতেই অলআউট একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা দলটি।
ফতুল্লায় ওপেনার তাসামুল হকের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২২ রান করে কলাবাগান। জবাবে ৪২ রানেই ৭ উইকেট হারানো গাজী শেষ পর্যন্ত ৯৫ করেছে সাতে নেমে অধিনায়ক নাদিফ চৌধুরীর ৪৫ রানের সৌজন্য।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৭০/৯ (মারুফ ৬১, অভিমন্যু ৫৪, আল আমিন জু. ৪২, জাকির ৩৪; শাহাদাত ২/৪৩)। শেখ জামাল: ৪৯.৫ ওভারে ২৭১/৮ (সোহাগ ৫৪, চোপরা ৪৮, ইলিয়াস ৪৪, ফজলে ৩৬, জিয়া ৩৪, মাহমুদুল ২৭*; আরিফুল ৪/৭৫)।
ফল: শেখ জামাল ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইলিয়াস সানি।
কলাবাগান: ৫০ ওভারে ২২২/৯ (তাসামুল ১০২, তুষার ৩২; পারভেজ ৪/৪৪)। গাজী গ্রুপ: ৩২.৫ ওভারে ৯৫ (নাদিফ ৪৫; সানজিত ৩/৭, সাদ ৩/১২, তুষার ২/১৯, আবুল হাসান ২/২৪)।
ফল: কলাবাগান ১২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাসামুল হক।
ব্রাদার্স: ৪৯ ওভারে ২৭৬/৮ (জুনায়েদ ১১০, অলক ৫১, মঈন ৩৬; তাইজুল ২/৪১, এনামুল জু. ২/৫২, সাজেদুল ২/৬২)। মোহামেডান: ৩৫.৪ ওভারে ১৪৭ (সৈকত ৭০, অভিষেক ২৯; ইফতেখার ৪/১৯, কাজী কামরুল ২/৩১, নিহাদুজ্জামান ২/৩১)।
ফল: ব্রাদার্স ১২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জুনায়েদ সিদ্দিক।