প্রথম দিন শেষে মনে হচ্ছিল পার্থ টেস্টটা অস্ট্রেলিয়ার হতে যাচ্ছে। চতুর্থ দিন শেষে নিশ্চিত হয়ে গেল, অলৌকিক কিছু না ঘটলে আর যা-ই হোক, অস্ট্রেলিয়া জয় পাচ্ছে না। অন্য যে দুটি সম্ভাব্য ফল, তার মধ্যে ড্রটাও বাদ দিয়ে দেওয়া যায়। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া ১৬৯ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট, পঞ্চম দিনে আরও ৩৭০ রান করতে হবে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি আজ সকাল সকালই কাজটা শেষ করে ফেলতে চাইবেন।
চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে এমন একজন এগিয়ে দিয়েছেন, যাঁর বল হাতে কোনো অবদানই নেই। টেন্ডা বাভুমার আসল কাজ ব্যাটিং করা, দুই ইনিংসে সেটি আগেই করে ফেলেছেন। কিন্তু বাভুমা কাল মনে করিয়ে দিলেন, মাঝেমধ্যে ফিল্ডিং দিয়েও ম্যাচ জেতা যায়। প্রথম ইনিংসের মতো ডেভিড ওয়ার্নার যখন বড় কিছুর আভাস দিচ্ছিলেন, তখনই বাভুমার ভেলকি। সহজ মনে হওয়া সিঙ্গেলটাই কাল হলো ওয়ার্নারের। প্রায় উড়ে গিয়ে শূন্যে শরীর ভাসিয়ে বলটা স্টাম্পে লাগালেন বাভুমা। ওয়ার্নার ৩৫ রানে আউট, অস্ট্রেলিয়া হারাল প্রথম উইকেট। স্কোরকার্ড যা-ই বলুক, এটা তো আসলে বাভুমারই উইকেট।
এরপর দায়িত্ব কাঁধে তুলে দিলেন রাবাদা। ডেল স্টেইন চোট পেয়ে ছিটকে গেছেন, তরুণ দক্ষিণ আফ্রিকান পেসারকে এমনিতেই বাড়তি কিছু করতে হতো। তা গতি ও সুইংয়ে রাবাদা ঘোল খাইয়ে ছেড়েছেন স্মিথদের। শন মার্শ, স্মিথ ও অ্যাডাম ভোজেস—তিনজনই রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রায় নিবু নিবু আশার প্রদীপ নিয়ে আজ মাঠে নামবেন উসমান খাজা ও মিচেল মার্শ। স্বীকৃত ব্যাটসম্যান বলতে এরপর আছেন শুধু পিটার নেভিল।
কাল সকালে অস্ট্রেলিয়ান বোলারদের হতাশা আরও বেশি বাড়িয়ে দিয়েছেন ডি কক-ফিল্যান্ডাররা। আগের দিনের সঙ্গে আজ সকালে আরও ৭৮ রান যোগ করেছেন ডি কক-ফিল্যান্ডার। পরে মহারাজ নেমেও ৩৪ বলে ৪১ করে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দিয়েছেন ৫৩৯। সেই এভারেস্ট টপকাতে গিয়ে স্মিথদের এরই মধ্যে দম প্রায় শেষ। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।