আয়ারল্যান্ডের কাছে সুপার লিগের ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সুপার লিগের এই অঘটন দেখে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগেভাগেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন দলের মধ্যে।
কাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থেকে সুপার লিগের ৩০ পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছে তামিমের দল। বাংলাদেশ এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের ২ নম্বরে আছে। কে চাইবে এমন অবস্থা থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ‘নিশ্চিত’ পয়েন্ট হারাতে! তাই আজ হারারেতে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তামিম সতর্ক থাকার পরামর্শ দিলেন সতীর্থদের, ‘ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে, কিন্তু ইদানীং তো পরাশক্তিরা হারছে...।’
একাদশ সাজানোর ক্ষেত্রেও বাংলাদেশ দলের মাথায় থাকবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট, ‘আমার মনে হয় না বড় কিছু করার দরকার আছে। দ্বিপক্ষীয় সিরিজ হলে অনেক কিছু করা যায়। কিন্তু সুপার লিগ খেলছেন, প্রত্যেক ম্যাচের আলাদা গুরুত্ব আছে। তিনটা ম্যাচেই আমরা সেরা দল খেলানোর চেষ্টা করব।’
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও মাথায় আনতে চান না তামিম। দলে ঢুকতে দিতে চান না কোনো আত্মতুষ্টি। ওয়ানডে ক্রিকেটে দুই দলের সর্বশেষ ১৬ দেখায় যে প্রতিবারই জিতেছে বাংলাদেশ!
‘১৬ ম্যাচ একটানা জিতেছি, তবে আমাদের লড়াই করতে হয়েছে। এমন না যে গেলাম আর জিতলাম। এমনও পরিস্থিতি ছিল, লড়াই করে সেসব জায়গা থেকে বের হয়ে আসতে হয়েছে। এটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এখানে ভিন্ন চ্যালেঞ্জ। এর আগে ১৬ ম্যাচই দেশে ছিল। আমি যেটা বললাম, আমাদের “এ” ক্যাটাগরির গেমটাই খেলতে হবে’ - বললেন তামিম।
লিটন যদি মনে করে চারে খেলবে তাহলে খেলবে, যদি মনে করি ওপেন করবে, করবে।
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশকে যা একটু চ্যালেঞ্জে ফেলতে পারে, সেটি হারারে স্পোর্টস ক্লাব মাঠের সকালবেলার পেস বোলিংবান্ধব কন্ডিশন। এর আগে একমাত্র টেস্টের প্রথম সকালেই আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ টের পেয়েছে এক ঘণ্টার দারুণ বোলিং কী হাল বানাতে পারে বাংলাদেশি ব্যাটিং অর্ডারের।
তামিমের সতর্কতা তাই হারারের সেই সকালকে নিয়েই, ‘জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি, সেগুলো ৬-৭ বছর আগে। সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা পাবে, বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’
এই দুশ্চিন্তা অবশ্য অধিনায়কের জন্য নতুন হওয়ার কথা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের টপ অর্ডার ছিল নড়বড়ে। কিন্তু মুশফিকুর রহিম চারে নেমে প্রায় একা হাতে দুটি ম্যাচ জিতিয়েছেন। এবার তামিম পাচ্ছেন না মুশফিকের মতো রান-ব্যাংককে। মা–বাবার করোনার কারণে তিনি দেশে ফিরে এসেছেন জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই। শোনা যাচ্ছে, মুশফিকের জায়গায় ৪ নম্বরে সুযোগ মিলতে পারে লিটন দাসের।
তামিমও কাল সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না, ‘লিটন যদি মনে করে চারে খেলবে তাহলে খেলবে, যদি মনে করি ওপেন করবে, করবে। কাল সকালে ম্যাচ শুরু হলে বুঝতে পারবেন।’