পরিকল্পনায় বাউন্সার ছিল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন জার্গেনসেন
শেন জার্গেনসেন

ওয়েলিংটনে ‘টক অব দ্য টেস্ট’ হয়ে দাঁড়িয়েছিল বাউন্সার। নিল ওয়াগনার-টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের বিধ্বংসী সব বাউন্সার দ্বিতীয় ইনিংসে নাস্তানাবুদ করে ছাড়ে বাংলাদেশ দলকে। মুশফিকুর রহিম তো মাথায় আঘাত পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন।
কিউই পেসারদের ক্রমাগত শর্ট বল করা দেখে মনে হচ্ছিল, এটা তাদের গেম প্ল্যানেরই অংশ। বাংলাদেশের ব্যাটসম্যানদের শর্ট বলে ঘায়েল করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছেন তাঁরা। তবে নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসেন কাল এই প্রতিবেদককে অন্য কথাই বললেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্সার দেওয়ার কোনো পরিকল্পনাই নাকি আগে থেকে ছিল না। ‘এটা খেলতে খেলতে হয়ে গেছে। এমন নয় যে আমরা আগে থেকে পরিকল্পনা করেছি, বাংলাদেশের বিপক্ষে ও রকম বাউন্সার করা হবে। যখন দেখল বাউন্সারে কাজ হচ্ছে, তখন বোলাররাই মাঠে এটা ঠিক করে নিয়েছে’—বলেছেন জার্গেনসেন।
একসময় বাংলাদেশের বোলিং কোচ ছিলেন। পরে হয়েছিলেন প্রধান কোচও। সেই জার্গেনসনের জন্য বাংলাদেশের বিপক্ষ ড্রেসিংরুমে থাকাটা একটু অন্য রকম অনুভূতিই। যদিও পেশাদারদের এমন আবেগ খুব একটা আক্রান্ত করে না। যে কারণে জার্গেনসেন বলে দিতে পারছেন, বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা ভেসে গেছে তাতে কী, বাকি দুই দিনেও বাংলাদেশকে হারিয়ে দেওয়া সম্ভব। তবে সে জন্য প্রথম ইনিংসটাকে যতটা সম্ভব লম্বা করতে হবে নিউজিল্যান্ডকে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এখনো ২৯ রানে পিছিয়ে। হাতে ৩ উইকেট। তার পরও লিড নেওয়া সম্ভব বলেই বিশ্বাস জার্গেনসেনের, ‘(চতুর্থ দিন) সকালের দিকে কাজটা আমাদের জন্য কঠিন হবে। তবে আমাদের ছেলেরা ব্যাট করতে জানে।’
সেটির প্রমাণ দিয়ে নিউজিল্যান্ড যদি মোটামুটি একটা লিড নিতে পারে, তা হলে ম্যাচে সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলেই বিশ্বাস তাঁর, ‘বল হাতে আমাদের ভালো একটা সুযোগ আসবে। এই সিরিজে এখনো সেটা আমরা খুব ভালোভাবে করতে পারিনি।’
জার্গেনসেনের প্রতিটি কথায়ই যেন বাংলাদেশকে আরও শক্ত করে চেপে ধরার আকাঙ্ক্ষা। গেম প্ল্যানে থাকুক আর না-ই থাকুক, ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে বাউন্সারই নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। হ্যাগলি ওভালেও কি কিউই পেসাররা সেই অস্ত্রটাই তুলে নেবেন হাতে, নাকি অন্য কিছু? নিউজিল্যান্ড যদি প্রথম ইনিংসে লিড না-ও নিতে পারে, তাতেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পরীক্ষার গুরুত্ব একটুও কমে না। ওয়েলিংটনে সর্বনাশের মূলে তো ওই দ্বিতীয় ইনিংসই।