পরিত্যক্ত টেস্ট ম্যাচের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বর্ষাকালে টেস্ট ম্যাচ। যা হওয়ার তা-ই হচ্ছে। ফতুল্লা-চট্টগ্রামের পর মিরপুর—টানা তিনটি টেস্টই পড়ল বৃষ্টির খপ্পরে।
তাও ভালো যে, সব ম্যাচেই কিছু না-কিছু খেলা হয়েছে। একটি বলও মাঠে না গড়ালে পরিত্যক্তই লেখা থাকত ম্যাচগুলোর পাশে। ম্যাচগুলো চলে যেত হিসাবের বাইরে।
টেস্টে হিসাবের বাইরে চলে যাওয়া পরিত্যক্ত ম্যাচ আছে মাত্র সাতটি। তুলনায় ওয়ানডেই বেশি পরিত্যক্ত হয়েছে। ৪৪ বছরে ৯২টি ওয়ানডেতে একটি বলও পিচে পড়েনি বৃষ্টি বা অন্য কারণে। টেস্ট ম্যাচ পাঁচ দিনের বলেই পরিত্যক্ত ম্যাচের সংখ্যা এত কম।
টেস্ট ম্যাচ সর্বশেষ পরিত্যক্ত হয়েছে সেই ১৯৯৮ সালে। তাও একই দিনে দুটি ম্যাচ! ভারী বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না দেখে ২০ ডিসেম্বর ম্যাচের তৃতীয় দিনে পরিত্যক্ত ঘোষণা করা হয় ডানেডিনে নিউজিল্যান্ড-ভারত প্রথম টেস্ট। ওই দিনই অপমৃত্যু হয় ফয়সালাবাদ টেস্টের। অবশ্য পাকিস্তান-জিম্বাবুয়ের তৃতীয় টেস্টের ঘন কুয়াশা একটি বলও পিচে পড়তে দেয়নি চার দিনেও। তিন ম্যাচ সিরিজের প্রথমটা জিতেছিল জিম্বাবুয়ে। কুয়াশার কারণে শেষ দিনের খেলা না হওয়ায় দ্বিতীয় ম্যাচ ড্র। তৃতীয় ম্যাচটা পরিত্যক্ত। ফল, পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের একমাত্র সিরিজ জয়।
বৃষ্টিতে টেস্ট ম্যাচ প্রথম পরিত্যক্ত হয় ১৮৯০ সালে। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন দিনের টেস্ট ম্যাচটিতে একটি বলও হতে পারেনি। ৪৮ বছর পর একই ভেন্যুতে এই দুই দলেরই চার দিনের টেস্ট পরিত্যক্ত হয় বৃষ্টিতেই।
ইতিহাসের তৃতীয় পরিত্যক্ত টেস্টই জন্ম দেয় ওয়ানডে ক্রিকেট। ১৯৭০ সালের শেষ দিনে মেলবোর্নে শুরু হওয়ার কথা ছিল অ্যাশেজের তৃতীয় টেস্ট। টসও হয়ে গিয়েছিল, টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক রে ইলিংওয়ার্থ। কিন্তু তৃতীয় দিনেও পিচে কোনো বল গড়াতে পারেনি। তৃতীয় দিনেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে বলা হয় পঞ্চম দিনে ৪০ ওভারের (৮ বল) ম্যাচ হবে। ১৯৭১ সালে ৫ জানুয়ারি এভাবেই জন্ম ওয়ানডে ক্রিকেটের।
১৯৮৯ সালে ডানেডিনে নিউজিল্যান্ড-পাকিস্তান ও ১৯৯০ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড টেস্ট বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আয়োজন করা হয় দুটি ওয়ানডের।
এ ছাড়া ছয়টি টেস্ট বাতিল হয়েছে নানা কারণে। ১৯৮১ সালে গায়ানা সরকার রবিন জ্যাকম্যানের ভিসা বাতিল করায় ইংল্যান্ড জর্জটাউন টেস্টে খেলেনি। ১৯৮৪ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হলে বাতিল হয় ভারত-পাকিস্তান করাচি টেস্ট। ১৯৮৭ সালে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের শেষ দুই ম্যাচ বাতিল হয় তামিল বিদ্রোহীদের বোমা হামলার ভয়ে। ১৯৯৪ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা কলম্বো টেস্টটি বাতিল হয় নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কারফিউ জারি করায়। সর্বশেষ ২০০২ সালে করাচি টেস্ট বাতিল হয় নিউজিল্যান্ডের হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলার পর।