
তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা
নাফিস ইকবাল তখনো খেলছে আমাদের সঙ্গে। ২০০৫ কি ২০০৬ সালের কথা। ওর কাছে কিংবা অন্য কারও কাছে, একদিন শুনলাম নাফিসের ছোট ভাইও ক্রিকেট খেলে। বাঁহাতি ব্যাটসম্যান, বেদম নাকি মারে। প্রথম দেখলাম প্রিমিয়ার লিগের এক ম্যাচে, আমাদের সঙ্গে ওদের দলের খেলা। খুব বেশি রান করতে পারেনি। কিন্তু যতক্ষণ ছিল উইকেটে, মেরে খেলেছে। শুধু ডাউন দ্য উইকেট আসতে চাইত। কদিন পর তো জাতীয় দলেই পেলাম সতীর্থ হিসেবে। ২০০৭ বিশ্বকাপে প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিল ক্রিকেটবিশ্ব।
১৭ বছরের এক ছেলের দাপুটে ব্যাটিংয়ে ক্রিকেটবিশ্ব চমকে গেলেও আমরা কিন্তু খুব অবাক হইনি। তত দিনে ঘরোয়া ক্রিকেটে, নেটে ওকে দেখেছি। সবাই জানতাম ও কী করতে পারে। তামিমের তখন একটাই গিয়ার ছিল, শুধু ধুন্ধুমার ব্যাটিং। ভারতের বিপক্ষে সেদিন ভাগ্যটাকেও পাশে পেয়েছিল, ক্রমাগত ওভাবে মেরে বেশিক্ষণ টিকে থাকা কঠিন। ব্যাট হাতে তামিমের শরীরী ভাষা সেদিন ভারতের মনোবল গুঁড়িয়ে দিয়েছিল।
তখনো তামিম বাচ্চা ছেলে। দলের সবচেয়ে জুনিয়র, ড্রেসিং রুমে সব সময় চুপ করে থাকত। মনে পড়ে, সবকিছু আগ্রহ নিয়ে দেখত। সবকিছু পর্যবেক্ষণ করত, বোঝার চেষ্টা করত। মাঠের বাইরে বেশ মিশুক বলে সব জায়গায়ই দেখতাম নিজের একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলত। তবে সবচেয়ে জুনিয়র হলেও একটা কাজ ওকে দিয়ে কখনোই করানো যেত না। গা গরমের ফুটবলে একদল খেলতাম জার্সি পরে, আরেক দল খালি গায়ে। তামিম কখনোই খালি গা হতে রাজি হতো না। আমরা নানাভাবে অনেক ফন্দি এঁটে চেষ্টা করেছি। কিন্তু সেও দারুণ চালাক। ঠিকই একটা উপায় বের করে সটকে পড়ত। সেই শুরু থেকে এখন পর্যন্ত চলছে, ওকে খালি গা করানোই গেল না!

যাই হোক, বিশ্বকাপের পর দেখলাম ওর শুধুই সামনে এগিয়ে চলা। শুরুর সময়টায় ওর ব্যাটিং বলতে ছিল ব্যাকফুট ড্রাইভ আর ডাউন দ্য উইকেটে খেলা। আস্তে আস্তে সব শট আয়ত্ত করল। তামিমের এই একটা দারুণ গুণ আছে। নিজের ব্যাটিং নিয়ে একাগ্র। জানত যে শীর্ষ পর্যায়ে টিকে থাকতে হলে নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে। ওই সময় সবার চেয়ে বেশি অনুশীলন করত ও। একটা একটা শট আলাদা করে বেছে নিয়ে সেটা নিয়ে কাজ করত, দিনের পর দিন। দলের অনুশীলনের বাইরে নিজে খাটত। ওই সময় জেমি সিডন্স কোচ থাকাটা ওর জন্য দারুণ হয়েছে। জেমিও খাটত ওকে নিয়ে। খেলায় উন্নতিটাও চোখে পড়ল দ্রুত। ২০১০ সালে নিজের খেলার প্রায় চূড়ায় উঠে এল। ভারত, ইংল্যান্ডের বিপক্ষে কী দুর্দান্ত সব ইনিংস!
২০১০-১১ পর্যন্ত যেভাবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি করেছে, গত কয়েক বছর হয়তো সেভাবে পারেনি। তবে এটাও মনে রাখতে হবে, সময় সবার একরকম যায় না। চাপ বাড়ে, প্রত্যাশা বাড়ে। দলের প্রত্যাশা, গোটা দেশের প্রত্যাশা, নিজের কাছেও নিজের প্রত্যাশা। এসব ব্যাপার মাথায় অনেক খেলে। উন্নতির রেখাও সব সময় ঊর্ধ্বমুখী থাকে না। এখন আর আগের মতো মেরে খেলে না, এটার বড় কারণ আমার মনে হয়, গত কিছুদিনে ফর্মটা সেভাবে ধারাবাহিক ছিল না। ২০১০ সালের মত ফর্ম ফিরে পেলেই আবার মেরে খেলবে। আমার অবশ্য এই মেরে খেলা, না খেলায় আপত্তি নেই। বরং এই তামিমকে আমার পছন্দ। এখন তামিম টেকনিক্যালি প্রায় নিখুঁত। সব শট আছে হাতে। শুরুতে লেগ সাইডে একদমই খেলতে পারত না। এখন হয়ে উঠেছে লেগ সাইড স্পেশালিস্ট। পায়ের ওপর বল দিলে অন সাইডে যেকোনো জায়গায় পাঠাতে পারে। এখন অনেক পরিণত, নিজের খেলায় নিয়ন্ত্রণ অনেক। সব মিলিয়ে এই তামিমকে আমি মনে করি পরিপূর্ণ ব্যাটসম্যান।
ওর কাছে প্রত্যাশাও তাই বেশি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট আমি মনে করি তামিমের জন্য আদর্শ। বল ব্যাটে আসে দারুণ, বাউন্স সমান। টাইমিং করা সহজ, তামিম নিজেও এই ধরনের উইকেটে খেলতে পছন্দ করে। পুল-স্কয়ার কাট ভালো খেলে। সামনে বল পেলে ড্রাইভ তো করবেই। বিশ্বকাপে ওর ভালো করার সম্ভাবনা খুবই, খুবই বেশি। আমি চাইব, তামিম দলের চাওয়া বুঝে খেলুক। যেদিন ৩৩ বলে ৫০ প্রয়োজন হবে, সেদিন সেভাবেই খেলবে। যেদিন শেষ পর্যন্ত থাকা দরকার, সেদিন ধরে খেলবে। দলের ভালো করাটাও অনেকটা নির্ভর করছে ওর ওপর। তামিম ভালো শুরু এনে দিলে দলও ভালো করবে।
ক্রিকেটে হতে পারে অনেক কিছুই। হুট করেই ব্যাড প্যাচ আসতে পারে। টানা কয়েক ম্যাচে ভালো বল বা দারুণ ক্যাচের শিকার হতে পারে। তামিম ফিরছেও চোট কাটিয়ে। তবে সবকিছু যদি ঠিকঠাক এগোয়, বিশ্বকাপে করতে পারে দারুণ কিছু। এখন তামিম দেশের সেরা ওপেনার। অস্ট্রেলিয়া থেকে ফিরতে পারে বিশ্বসেরা ওপেনারদের একজন হয়ে!