ম্যাচের পর ম্যাচ হারছে ইংল্যান্ড। কিন্তু বদলাচ্ছে না দলের চেহারা। বদলাচ্ছে না ব্যাটিং অর্ডার। বদলাচ্ছে না শরীরী ভাষা। চার ম্যাচে মাত্র একটিতে জিতে ইংল্যান্ড এখন খাদের কিনারে। পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেই টুপ করে পড়ে যাবে সেই খাদে। কিন্তু অবিশ্বাস্যভাবে আগের ৪ ম্যাচে একবারও একাদশ বদলায়নি ইংল্যান্ড! সাবেক-বর্তমান ক্রিকেটার, সংবাদমাধ্যম একাদশ বদলের দাবি তো তুলে আসছেই। বদলের দাবি এবার স্বয়ং ভাবী ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভসের কণ্ঠে।
দলের পারফরম্যান্স নিয়ে বিবিসি রেডিওকে গ্রেভস বলেন, ‘টেস্টে আমরা উন্নতির পথে। দারুণ সব তরুণ ক্রিকেটার আছে। কিন্তু ওয়ানডেতে আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারছি না। এই বিশ্বকাপের কথা যদি বলি, প্রায় সব দলই দারুণ আগ্রাসীভাবে খেলছে। আমরা কি ততটা আগ্রাসী? এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত।’
বোর্ডপ্রধান হিসেবে হয়তো সরাসরি একটি-দুটি নাম তুলে আনতে চাননি গ্রেভস। কিন্তু বদলের দাবিটা ওই আগ্রাসনকে ঘিরেই। চার ম্যাচেই ইংল্যান্ড তিনে খেলিয়েছে টেস্ট দলের নির্ভরতা গ্যারি ব্যালান্সকে। চার ম্যাচে ৫০ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন এই বাঁহাতি। তাঁর জায়গায় মারমুখী ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে খেলানোর দাবি শুরু থেকেই। রবি বোপারাও পানি টেনেই চলেছেন। প্রতিটি ম্যাচেই অ্যান্ডারসন-ব্রড-ওকস-ফিন—এই পেস চতুষ্টয়কে খেলাচ্ছে ইংল্যান্ড। সুযোগ পাচ্ছেন না ক্রিস জর্ডান।
ইংল্যান্ডের অনেকে নিশ্চয়ই এখন একজন কেভিন পিটারসেনের অভাবও অনুভব করছেন! এই বিশ্বকাপে বা নিকট ভবিষ্যতে পিটারসেনের ফেরার সম্ভাবনা নেই। যদিও গ্রেভসের একটি কথার সূত্র ধরেই পিটারসেন-অধ্যায়ের অন্ধকার সুড়ঙ্গের মাথায় একটু আলো দেখা যাচ্ছিল। গ্রেভস বলেছিলেন, জাতীয় দলে ফিরতে হলে আগে কাউন্টিতে নিয়মিত খেলে অনেক রান করতে হবে পিটারসেনকে। কিন্তু সেই আলোর রেখা আবার মুছে দিয়েছে ইসিবির একটি বিবৃতি, ‘কলিন গ্রেভস অবশ্যই ঠিক। তবে কেপিকে নিয়ে আগের ভাবনা এতটুকু পাল্টায়নি...কাউন্টিতে মানসম্পন্ন খেলে পারফর্ম করবে যারা এবং দলে ইতিবাচক প্রভাব রাখতে পারে বলে ভাবা হবে যাদের, তারাই ইংল্যান্ডের হয়ে খেলবে।’
কেপি-প্রশ্নের উত্তর লুকিয়ে ওই ‘ইতিবাচক প্রভাব’ কথাটিতেই। পারফরম্যান্স নিয়ে তো কখনোই প্রশ্ন ছিল না। প্রশ্ন যেখানে, সেখানে আগের মতোই অনমনীয় ইসিবি। রয়টার্স, ডেইলি মেইল।