পরিবারে সেরা না হলেও মাইলফলকে তাঁরা অমর
অথচ পরিবারের মধ্যেই তাঁরা কেউ সেরা ক্রিকেটার হতে পারেননি!
বেন ম্যাকডারমটের কথাই ধরুন। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৪ ওয়ানডে খেলা এই উইকেটকিপার ব্যাটসম্যান যেন একের ভেতর তিন! ব্যাটিং আর কিপিং তো করেন-ই, প্রথম শ্রেণির ক্রিকেটে ১০২টি বৈধ ডেলিভারিও আছে ডানহাতি এই পেসারের।
কাল লাহোরে ওয়ানডেতে নিজের প্রথম শতকও তুলে নিয়েছেন ম্যাকডারমট। আর প্রথম শতকটিই ঐতিহাসিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০তম খেলোয়াড় হিসেবে শতক পেলেন বেন ম্যাকডারমট।
তাঁর ১০৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৪৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ইমাম-উল হক ও বাবর আজমের শতকে শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। বেন ম্যাকডারমটের শতকটি তাই বৃথাই গেছে, দল হারায় তিনি নিজেও হয়তো ইনিংসটি মনে রাখতে চাইবেন না। কিন্তু তা কী করে হয়!
ম্যাকডারমট পরিবারে তিন ক্রিকেটারের মধ্যে শুধু বেনেরই যে আন্তর্জাতিক ক্রিকেটে শতক আছে। পরিবারের সামনে বড়াই করে কথাটা বলতেই পারেন বেন, ‘শতকও আছে, সেটাও আবার হাজারতম ক্রিকেটার হিসেবে!’
বেন ম্যাকডারমটকে তবু তাঁর পরিবারের সেরা ক্রিকেটার বলা যাচ্ছে না। ওই জায়গাটি এখনো তাঁর বাবা ক্রেগ ম্যাকডারমটের। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত লাল চুলো এক পেসার, অস্ট্রেলিয়ার হয়ে যিনি ৭১ টেস্ট ও ১৩৮ ওয়ানডে খেলেছেন, উইকেট নিয়েছেন যথাক্রমে ২৯১ ও ২০৩টি করে, ডেনিস লিলি কিংবা শেন ওয়ার্নের মতো যাঁর উত্তুঙ্গ জনপ্রিয়তা ছিল না, কিন্তু একটা জিনিস ছিল—নিখাদ আউটসুইঙ্গার।
ক্রেগ ম্যাকডারমট নিজের দিনে যেকোনো ব্যাটিংঅর্ডারকে এই আউটসুইংয়ে ফাঁসিয়ে দিতে পারতেন। ২৭ বছর বয়সী বেনের সামনে এখনো অনেক পথ বাকি। তাঁর ভাই ৩০ বছর বয়সী অ্যালিস্টার ম্যাকডারমট বাবার মতোই পেসার। প্রথম শ্রেণিতে খেললেও জায়গা হয়নি জাতীয় দলে।
হাজারতম ক্রিকেটার হিসেবে শতকের কথা যেহেতু উঠল, এই পথে ৫০০তম ক্রিকেটারটি কে ছিলেন, সেটাও জেনে রাখা ভালো। তিনি পাকিস্তান ক্রিকেটে এলাহী পরিবারের সন্তান। সেলিম এলাহী।
১৯৯৫ সালে গুজরানওয়ালায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচটি ছিল সেলিম এলাহীর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সে ম্যাচে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে সেটি ছিল ৫০০তম ক্রিকেটার হিসেবে শতকের নজির।
এলাহী পরিবারে আরও তিন ক্রিকেটার আছেন। সেলিম এলাহীর দুই ভাই মনজুর এলাহী ও জহুর এলাহী এবং ভাতিজা বাবর মনজুর। শুধু আন্তর্জাতিক ক্রিকেট বিচার করলে সেলিম এলাহী অবশ্যই তাঁর পরিবারের সেরা ক্রিকেটার। ১৩ টেস্ট ও ৪৮ ওয়ানডে মিলিয়ে ৪টি (সবগুলোই ওয়ানডেতে) শতক তাঁর।
সেলিমের দুই ভাই জহুর এলাহী ও মনজুর এলাহী জাতীয় দলে খেললেও বেশি দিন টিকতে পারেননি। জহুর খেলেছেন ২ টেস্ট ও ১৪ ওয়ানডে, কোনো শতক নেই। পেস অলরাউন্ডার মনজুর এলাহী খেলেছেন ৬ টেস্ট ও ৫৪ ওয়ানডে। টেস্টে নিয়েছেন ৭ উইকেট, ওয়ানডেতে ২৯টি।
কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে দুই ভাইয়ের চেয়ে পিছিয়ে সেলিম এলাহী। ১১১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.০২ গড়ে ৫ হাজার ৫০৮ রান করেছেন ডানহাতি এ ওপেনার। শতক ৮টি, ২৬টি অর্ধশতক। জহুর ২৯৪ ম্যাচে ৩৬.৮৫ গড়ে করেছেন ১৪ হাজার ৩৩৫ রান। ৩১ শতক ও ৭৭ অর্ধশতক।
মনজুর ১৯৪ ম্যাচে ৩১.৩৩ গড়ে করেছেন ৮ হাজার ৩৬৬ রান। ১০ শতক ও ৪৬টি অর্ধশতক। প্রথম শ্রেণিতে ৩৬০টি উইকেটও আছে তাঁর। তাঁদের ভাতিজা বাবর মনজুর খেলেছেন মাত্র ৪টি প্রথম শ্রেণির ম্যাচ। অর্থাৎ প্রথম শ্রেণির ক্রিকেট বিচার করলে সেলিম এলাহীকে অন্তত পরিবারের সেরা ক্রিকেটার বলা যায় না।
হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে ৪টি শতক তাঁকে বেশি পরিচিতি এনে দিয়েছে, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে কত দিন খেললেন এবং ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। অন্তত পারিবারিক আড্ডায় যুক্তি-তর্কে এ জায়গাটায় পিছিয়ে থাকবেন সেলিম এলাহী।
আন্তর্জাতিক ক্রিকেটে এবার প্রথম শতক পাওয়া ক্রিকেটারের কাছে ফেরা যাক। চার্লস ব্যানারম্যান। টেস্ট ক্রিকেটে প্রথম বল খেলা ও প্রথম রান করা এই অস্ট্রেলিয়ান ওপেনার ১৮৭৭ সালে এমসিজিতে ইতিহাসের প্রথম টেস্টে প্রথম শতকও তুলে নেন।
মাত্র ৩ টেস্টের ক্যারিয়ার তাঁর। চার্লসের ভাই অ্যালেক ব্যানারম্যান খেলেছেন ২৮ টেস্ট। ভাইয়ের মতো কোনো শতক না থাকলেও ৮টি অর্ধশতক আছে। ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা চার্লস এ সংস্করণেও তাঁর ভাইয়ের সামনে দাঁড়াতে পারবেন না।
১ হাজার ৬৮৭ রান করা চার্লসের প্রথম শ্রেণিতে শতক ওই একটাই। অ্যালেক ২১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২২.১৪ গড়ে ৫ শতকসহ করেছেন ৭ হাজার ৮১৬ রান।
ওহ, এই পারিবারিক গল্প বলতে বলতে একটি গুরুত্বপূর্ণ কথা বলাই হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ও ১০০০তম ক্রিকেটারটির শতকের সাক্ষী পাকিস্তান।