পরিবারের ভয়াবহ বিপর্যয় নিয়ে মুখ খুললেন রায়না

আইপিএলে ছেড়ে এসেছেন সুরেশ রায়না।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরেশ রায়নাকে নিয়ে ঝড় বয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটে। রায়নার মনে হয়তো তাঁর চেয়ে বড় ঝড় বইছে।
ঝড় বললে কমই বলা হয়। পারিবারিকভাবে অনেক বড় বিপর্যয়ের শিকার হয়েছেন ভারতের সাবেক এ অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএল খেলার কথা ছিল রায়নার। ফ্র্যাঞ্চাইজি এ দলটিতে গত এক যুগ ধরেই অবিচ্ছেদ্য অংশ তিনি। কিন্তু এবার আইপিএল প্রস্তুতির মাঝপথে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে হুট করেই চলে আসেন রায়না। চেন্নাই জানিয়ে দিয়েছে এই মৌসুমের আইপিএলে খেলবেন না রায়না। এরপরই উঠেছিল আলোচনার ঝড়। রায়না এত দিন চুপ থাকার পর আজ টুইট করে জানালেন নিজের বিপর্যয়ের কথা।

সংবাদমাধ্যমে আগেই প্রকাশ হয়েছে রায়নার ভয়াবহ পারিবারিক বিপর্যয়ের খবর। আজ টুইটে তা নিজেই জানালেন তিনি, ‘পাঞ্জাবে আমার পরিবারের সঙ্গে ঘটেছে তা ভয়াবহতা ছাপিয়ে যায়। আমার পিসেমশাইকে জবাই করে মেরে ফেলা হয়েছে। ফুপু ও দুই ভাই মারাত্মকভাবে আহত। দুর্ভাগ্যজনকভাবে এক ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রাতে মারা গেছে। ফুপুর অবস্থা এখনো ভীষণ খারাপ, কৃত্রিম জীবন-ব্যবস্থায় আছেন।’


রায়না আরও একটি টুইটে হত্যাকারীদের শাস্তি চেয়েছেন, ‘এখন পর্যন্ত জানি না সেদিন রাতে কী ঘটেছিল এবং কে বা কারা এটা করেছে। পাঞ্জাব পুলিশকে ঘটনাটি তদন্ত করার অনুরোধ করছি। এই জঘন্য কাজ কারা করল অন্তত তা জানার অধিকার আমাদের আছে। আরও দুষ্কর্ম যেন না করতে পারে সে জন্য এই অপরাধীদের ছাড়া ঠিক হবে না।’

ভারতীয় সংবাদমাধ্যম এর আগে জানায়, পাঞ্জাবের পাঠানকোট জেলার থারিয়াল গ্রামে ডাকাতদলের হামলায় খুন হয়েছেন রায়নার ফুপা। মাঝরাতে ঘুমন্ত পরিবারের ওপর হামলা চালায় ডাকাতদল—পুলিশ সূত্রে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে রায়নার আইপিএল ছেড়ে আসার পেছনে কারণ অনুসন্ধানে নানারকম কথা চাউর হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, করোনা-ভীতির মধ্যে প্রায় তিন মাস দেশের বাইরে থাকতে হবে আইপিএল খেলা ক্রিকেটারদের। পুরো সময়টা আবার কাটাতে হবে পরিবার থেকে দূরে, জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। এসব দুশ্চিন্তার কথা ভেবেই নাকি আইপিএলে অর্থের ঝনঝনানি ভুলে দিল্লি ফেরার উড়োজাহাজ ধরেছেন রায়না।

আবার অন্য খবরও বের হয়েছে সংবাদমাধ্যমে। আরব আমিরাতে চেন্নাই হোটেলে যে কক্ষ বরাদ্দ করেছিল রায়নার নাকি তা পছন্দ হয়নি। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে যেমন কক্ষ দেওয়া হয়েছে রায়নাও নাকি তেমন কক্ষ চেয়েছিলেন। এই ঘটনার জেরেই নাকি আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন রায়না। তবে আসল কারণ যেটাই হোক পারিবারিক বিপর্যয়টা রায়নাকে যে ভীষণ আঘাত করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।