পরিসংখ্যান গোলাপি বলের পক্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের অন্ত ছিল না। সূর্য অস্তাচলে যাওয়ার পর ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলের আচরণ কেমন হবে? ব্যাটসম্যান ও ফিল্ডাররা বলটাকে ঠিকঠাক দেখতে পাবেন তো? রান নেওয়া কতটা কঠিন হবে? বল ৮০ ওভার টিকবে তো? গোলাপি বল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচগুলোও খুব একটা উত্তর দিতে পারেনি এসব প্রশ্নের।

ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট অবশ্য উত্তর দিয়ে দিচ্ছে অনেক প্রশ্নেরই। মাত্র একটিই টেস্ট হলো ফ্লাডলাইটের আলোয়। তাই শেষ কথা বলার সময় এখনো আসেনি। তবে অ্যাডিলেড টেস্টের পরিসংখ্যানকে ঢাল বানিয়ে অন্তত এটুকু বলা যায়, গোলাপি বলে দিনে-রাতে ব্যাটিং করায় তেমন কোনো পার্থক্য নেই।

অ্যাডিলেডে টস জিতে ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটিং নেওয়ার পরও সংশয় ছিল। রাতের সেশনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কীভাবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের সামলাবেন, সেটা দেখতে উন্মুখ হয়ে ছিলেন সবাই। কিউই ব্যাটসম্যানরা অবশ্য ডিনারের পর ২০২ রানে অলআউট হওয়ার আগে খেললেন মাত্র ১০ ওভার। ওই সময়ে শেষ ৩ উইকেট হারায় ম্যাককালামের দল। এর সঙ্গে যোগ হলো অস্ট্রেলিয়ার ২ উইকেট। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাতের সেশনে পড়েছে ৫ উইকেট, তৃতীয় দিনে ৪টি। 

দিনের অন্য দুই সেশনের সঙ্গে তুলনা টানলে দেখা যায়, প্রথম ও শেষ সেশনের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। রাতের শেষ সেশনে তিন দিনে পড়েছে ১৪ উইকেট, বিকেলে প্রথম সেশনের চেয়ে মাত্র ১টি বেশি। উইকেটপ্রতি রান তোলায় একদম সাম্যবস্থা দুই সেশনে—প্রতি ১৮ রান তুলতেই পড়েছে ১ উইকেট।

বোলাররা অবশ্য সামান্য বেশিই কার্যকর ছিলেন শেষ সেশনে। চা-বিরতির আগে প্রতি ৩৮.৬২ বলে উইকেট নেওয়া বোলাররা রাতে প্রতি ৩৬.৫৭ বলে নিয়েছেন একটি উইকেট। ব্যাটসম্যানদের রান তোলার গতিটাও প্রথম সেশনে বেশি ছিল রাতের চেয়ে (ওভারপ্রতি ২.৯৫ ও ২.৮)।

রাতে খেলার শেষ এক কি দেড় ঘণ্টার পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে, সূর্য থাকা বা না থাকাটা কোনো ব্যাপার না। দিনের শেষ পানি পানের বিরতির পর প্রতি ২১ রানে ও ৪৬ বলে পড়েছে একটি উইকেট। তবে রান তোলার হারটা (২.৭৪) এই সময়েই সবচেয়ে কম ছিল।

উল্টো দিকে চা-বিরতি ও ডিনারের মাঝের অংশেই ব্যাটিং করা সবচেয়ে সহজ ছিল। এ সময়ে প্রতি ৪৯.৪ বলে পড়ছে একটি উইকেট। রানের হিসাবে যেটা ৩৩.৫। ওভারপ্রতি ৪.০৭ রানও উঠেছে এ সময়ে।

তথ্য-উপাত্ত সামান্য। তাই এখনই বলা যাচ্ছে না, দিনের চেয়ে রাতে গোলাপি বলে খেলা কঠিন। তবে ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে অ্যাডিলেড টেস্টের আগে সব ব্যাটসম্যান কিন্তু আউট হয়েছেন দিনের বেলাতেই। তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেশন থেকে সেশনের হিসাব

প্রথম দিন

বিকেল: ২৮ ওভারে ৮০/২

সন্ধ্যা: ২৮ ওভারে ৯৩/৫

রাত: ৩১.২ ওভারে ৮৩/৫

 দ্বিতীয় দিন

বিকেল: ২৯.৫ ওভারে ৬২/৬

সন্ধ্যা: ২৭ ওভারে ১৩০/২

রাত: ৩০ ওভারে ৯৪/৫

 তৃতীয় দিন

বিকেল: ২৫.৫ ওভারে ৯২/৫

সন্ধ্যা: ২৮ ওভারে ১১৩/৩

রাত: ২৩ ওভারে ৭৪/৪

 মোট

বিকেল: ৮৩.৪ ওভারে ২৩৪/১৩

সন্ধ্যা: ৮৫ ওভারে ৩৩৬/১০

রাত: ৮৪.২ ওভারে ২৫১/১৪