পরীক্ষা এখন ব্যাটিংয়ের

তৃতীয় দিন শেষে যে অবস্থায় আছে টেস্টটা, সেখান থেকে বাংলাদেশের জয়ের স্বপ্নটা বেশি বাড়াবাড়িই। এরই মধ্যে ২০৫ রানের লিড পাকিস্তানের, হাতে এখনো ৫ উইকেট। পাকিস্তান কোথায় থামবে, সেটাই প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলাদেশ কি পারবে এই টেস্টটা বাঁচাতে?
একটা লক্ষ্য নিশ্চয়ই ভেতরে-ভেতরে ঠিক করা আছে পাকিস্তানের। কিংবা গতকাল খেলা শেষে ঠিক করেছে। আমার মনে হয়, এখন বাংলাদেশের কাজ হবে পাকিস্তান যত দেরিতে সেই লক্ষ্যে পৌঁছায় সেই ব্যবস্থা করা। মানে আজ ওদের শুরু থেকেই খুব দ্রুত রান তুলতে না দেওয়া। আমি আগের দিন বলেছিলাম, পাকিস্তান হয়তো ৬০০ রানের মতো করার চেষ্টা করবে। গতকালের খেলা শেষে মনে হচ্ছে, সেটা ৬৫০ কিংবা তার বেশিও হতে পারে। যেটাই হোক, বাংলাদেশের বোলারদের কাজ হবে সেই রানটা যাতে সহজেই তুলতে না পারে সেভাবে বোলিং করা।
এর পরের পরীক্ষাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের। টেস্ট বাঁচাতে হলে প্রায় ৫টি সেশন কিংবা তার চেয়েও বেশি সময় ব্যাটিং করতে হবে তাদের। প্রথম ইনিংসে যেমন অনেকে উইকেট থিতু হওয়ার পর আউট হয়ে গেছে, এ রকম আউট হলে টেস্ট বাঁচানো মুশকিল হবে। আমার মনে হয় রানের চিন্তা বাদ দিয়ে প্রতিটি ব্যাটসম্যানের উচিত হবে যত বেশি সময় ব্যাটিং করা যায় সেই চেষ্টা করা।
আমি জানি প্রায় দুই দিন ব্যাটিং করার কাজটা খুবই কঠিন, কিন্তু অসম্ভবও তো নয়। টপ অর্ডারের ব্যাটসম্যানরা ফর্মে আছে। তামিম প্রথম ইনিংসে রান পায়নি, কিন্তু ওর সামর্থ্য তো আমরা দেখেছি কিংবা জানি। ইমরুল, মুমিনুল দুজনই ফিফটি পেয়েছে প্রথম ইনিংসে। মাহমুদউল্লাহ একটুর জন্য তা পায়নি। মুশফিক-সৌম্য দুজনই খুব ভালো শুরু করেছিল। সব মিলিয়ে আমার মনে হয়, যদি টপ অর্ডারে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেন, বড় দু-তিনটি জুটি হয় তাহলে শেষ পর্যন্ত ব্যাটিং করে যাওয়া অসম্ভব হবে না। মনে রাখতে হবে রানটা কিন্তু এখানে বড় ব্যাপার নয়। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উইকেটে থাকা, ব্যাটিংটা উপভোগ করা, থিতু হওয়ার পর উইকেট না দিয়ে আসা। অনেক সময় এমন হয়, বেশ কিছুক্ষণ উইকেটে থাকার পর মনে হতে পারে, এখন তো মানিয়ে নিয়েছি, কেউ আউট করতে পারবে না। এই ভাবনাটা মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়, আর তখনই উইকেট পড়ার বেশি ঝুঁকি থাকে। এই টেস্ট এখন যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে আর এ ধরনের ভুল করার সুযোগ নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে।
এ লেখাটা লেখার সময়ই জানতে পারলাম ওয়ানডে র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ ৮ নম্বরে উঠে এসেছে। আমার মনে হয় এই খবরটাও কিছুটা চাঙা করে তুলবে দলের খেলোয়াড়দের। বাড়িয়ে দেবে আত্মবিশ্বাসও।