পরীক্ষা-নিরীক্ষার প্রাপ্তি 'চ্যালেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজের শেষ ম্যাচে প্রথম মাঠে নেমেই হারের সঙ্গে পরিচয়—তাসকিন তাই বিমর্ষ। আর তাঁর সঙ্গেই মাদজিভারা মাঠ ছাড়ছেন হাসিমুখে। শেষ দুই ম্যাচজয়ী জিম্বাবুইয়ান ক্রিকেটারদের অবয়বেই যেন সিরিজ জয়ের আনন্দ! কাল খুলনায় l শামসুল হক
সিরিজের শেষ ম্যাচে প্রথম মাঠে নেমেই হারের সঙ্গে পরিচয়—তাসকিন তাই বিমর্ষ। আর তাঁর সঙ্গেই মাদজিভারা মাঠ ছাড়ছেন হাসিমুখে। শেষ দুই ম্যাচজয়ী জিম্বাবুইয়ান ক্রিকেটারদের অবয়বেই যেন সিরিজ জয়ের আনন্দ! কাল খুলনায় l শামসুল হক

ফিল জনসির ‘পাঠ্যসূচি’তে কিছুটা পরিবর্তন কি আনতে হবে এখন? কাল রাতে ঢাকায় পৌঁছে অস্ট্রেলিয়ান এই মনোবিদের আজই খুলনায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। উদ্দেশ্য, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের একটু চাঙা করা।
তা গত বছরের টানা সাফল্যের পর এ বছরের প্রথম সিরিজেও প্রথম দুটি ম্যাচ জিতে চাঙা তাঁরা ছিলেনই। দুই সপ্তাহের জন্য জনসির বাংলাদেশে আসাটা আরও আগে ঠিক করা বলে ভদ্রলোকের ‘পাঠ্যসূচি’তে নিশ্চয়ই নতুন করে শুরুর কোনো ব্যাপার ছিল না। টগবগ করে ফুটতে থাকা উত্তুঙ্গ আত্মবিশ্বাসকে কীভাবে সঠিক প্রবাহে ধরে রাখতে হবে, সেই মন্ত্রই নিয়ে আসার কথা জনসির। কিন্তু আজ খুলনায় এসে কোন বাংলাদেশকে পাবেন তিনি? টি-টোয়েন্টির ১৪ নম্বর দলের কাছে পরপর দুই ম্যাচ হেরে আত্মগ্লানিতে ভুগতে থাকা এক বাংলাদেশকেই তো! ‘পাঠ্যসূচি’তে পরিবর্তন তাই বাধ্যতামূলক।
আত্মগ্লানি অবশ্য ক্রিকেটারদের চেয়ে বেশি থাকা উচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহের। কারণ, গবেষণা বৃথা গেলে ব্যর্থতা গবেষকের, গিনিপিগের নয়। যদিও দল সূত্রের খবর, এই আত্মগ্লানি একটা উপলব্ধিরও জন্ম দিচ্ছে সবার মধ্যে। পরীক্ষা-নিরীক্ষাজাতীয় ব্যাপারগুলো কখনোই টি-টোয়েন্টি ম্যাচে করা উচিত নয়। সেগুলো তুলে রাখতে হবে ওয়ানডের জন্য। ২০ ওভারের ক্রিকেটে একবার পিছিয়ে পড়লে ফিরে আসাটা কঠিন বলে এখানে সব সময়ই সেরা দল নিয়ে খেলতে হবে।
জিম্বাবুয়ে সিরিজ থেকে পাওয়া আরেকটা শিক্ষা—সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে ছন্দ হারানোর ঝুঁকি কখনোই নেওয়া যাবে না। পাঁচ পরিবর্তন আর চার ক্রিকেটারের অভিষেক ঘটিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে সেই ঝুঁকিটাই বাংলাদেশ নিয়েছিল। ফল তো চোখের সামনে। ওই ম্যাচের হার দলকে এমনই এলোমেলো করে দিল যে কাল শেষ ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে নেমেও থেমে যেতে হলো জয় থেকে ১৯ রান দূরে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও উপলব্ধি, ‘ছন্দ ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টি-টোয়েন্টিতে। প্রথম দুই ম্যাচের পর আমরা যেমন নির্ভার ছিলাম, ওরাও (জিম্বাবুয়ে) হয়তো তৃতীয় ম্যাচ জিতে ওরকম নির্ভার হয়ে গেছে।’
হারের কারণ হিসেবে কালও পরিকল্পনা কাজে লাগাতে না পারাটাকেই সামনে এনেছেন অধিনায়ক। পরীক্ষা-নিরীক্ষার মধ্যেও আসল লক্ষ্য সব সময় জয়ই থাকে। কিন্তু শেষ দুই ম্যাচের বোলিং জয় নিশ্চিত করার মতো ভালো হয়নি বলে মনে হচ্ছে মাশরাফির। ব্যাটিংয়েও দেখছেন ভারসাম্যের অভাব। এশিয়া কাপের আগে তাই নতুন একটা চ্যালেঞ্জ অনুভব করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘কিছু জায়গায় অবশ্যই ভালো হয়েছে। আবার কিছু জিনিস আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয় এশিয়া কাপের আগে এগুলো ঠিক করাটাই হবে বড় চ্যালেঞ্জ।’
জিম্বাবুয়ের ১৮০ রান তাড়া করতে গিয়ে তিন ওভারের মধ্যে চার উইকেট হারানোর পরই মিলিয়ে গিয়েছিল জয়ের সম্ভাবনা। শেখ আবু নাসের স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে এমন পরিস্থিতিতে পড়ার একটাই কারণ দেখেন মাশরাফি—ব্যাটিংয়ে অযথা তাড়াহুড়ো করা, ‘উইকেট যত ভালোই হোক, শুরুতে গিয়ে একটু থিতু না হয়ে মারা কঠিন। কিন্তু আমাদের সবাই দ্রুত শট খেলতে গেছে। উইকেট থাকলে শেষ ওভারে ১৫-১৬ রান দরকার থাকলেও কাজ হয়ে যেত।’
এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের ধরনও এ রকমই থাকবে হয়তো। তার মানে বড় দলের বিপক্ষে ১৭০-১৮০ রান তাড়া করার প্রস্তুতি থাকতে হবে ব্যাটসম্যানদের। বোলারদের হাতে থাকতে হবে আরেকটু নিয়ন্ত্রণ। মাশরাফি তাড়া দিলেন, এশিয়া কাপের আগের কয় সপ্তাহে উন্নতি আনতে হবে এসব জায়গায়, ‘সময় যেহেতু আছে, আশা করি আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব। ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’
তার আগে কাটিয়ে উঠতে হবে জিম্বাবুয়ের কাছে পরপর দুই হারের মানসিক ধাক্কা। ফিল জনসির ক্লাস তাতে একটা প্রভাবকই হতে পারে শুধু, মনের ভিত শক্ত করার কাজটা করতে হবে ক্রিকেটারদেরই। সেটা যে সম্ভবও, তার সবচেয়ে বড় প্রমাণ সাকিব আল হাসান। মনে জোর আনতে মনোবিদের শরণাপন্ন হওয়ার ব্যাপারটাই বিশ্বাস করেন না সাকিব। আজ পর্যন্ত নাকি তাই হাজিরা দেননি কোনো মনোবিদের ক্লাসেও!