পরীক্ষায় ভালোভাবেই উতরানোর আশা সানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত সানি। ফাইল ছবি
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত সানি। ফাইল ছবি

বাবা মারা গেছেন গত সপ্তাহে। মানসিক ধাক্কা সামলে আরাফাত সানিকে তৈরি হতে হচ্ছে বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে তাঁর অ্যাকশনের পরীক্ষা ৮ সেপ্টেম্বর। বাংলাদেশ দলের এই বাঁহাতি স্পিনারের আত্মবিশ্বাস, ভালোভাবেই উতরে যাবেন পরীক্ষায় এবং অটুট থাকবে বোলিংয়ের আগের ধার।


গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এপ্রিল থেকে সানি শুরু করেন পুনর্বাসন–প্রক্রিয়া। প্রায় পাঁচ মাসের প্রস্তুতি শেষে তাসকিন আহমেদের সঙ্গে সানি অস্ট্রেলিয়া রওনা হবেন ৫ সেপ্টেম্বর রাতে। এখন পরীক্ষায় উতরে যাওয়ার আশা সানির, ‘এটা উতরে যেতে কী করতে হবে, তাতেই মনোযোগ দিচ্ছি। অনুশীলন ও ড্রিল করছি। সবার দোয়া সঙ্গে থাকলে ইনশা আল্লাহ...কোচিং স্টাফ সবাই বলছেন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছি। যা যা করা দরকার, সেটাই করেছি।’

বোলিং অ্যাকশন শুধরে অতীতে অনেক বোলারই তাঁর আগের ধার ধরে রাখতে পারেননি। তবে সানির আশা, আগের ধারটাই ধরে রাখতে পারবেন, ‘আমার যে সমস্যা ছিল, সেটা নিয়ে কাজ করছি। ল্যান্ডিংটা আগে সোজা হতো এখন সমান্তরাল হচ্ছে। এটা যদি ঠিকমতো করতে পারি। আশা করি, বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে। আমি আত্মবিশ্বাসী। আমি একা নই, এর আগে অনেক বোলার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সবাই কিন্তু ফিরেও এসেছে। আমিও ভালোভাবে ফিরে আসব।’