এশিয়া কাপ, বিশ্বকাপ শুরু হতে খুব দেরি নেই। আবার একেবারে নাকের ডগায়, তাও নয়। বাংলাদেশ দলের আপাতত মনোযোগ জিম্বাবুয়ে সিরিজেই। বড় দুটি টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশের কাছে এটা ‘পরীক্ষা-নিরীক্ষার’ সিরিজ। এ কারণেই প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য ঘোষিত দল থেকে ছিটকে পড়লেন নাসির হোসেন। সুযোগ পেলেন আবু হায়দার, নুরুল হাসান, শুভাগত হোমের মতো নতুনেরা।
তাঁদের মধ্যে শুভাগতর অভিজ্ঞতা খানিকটা ভিন্ন। ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলে ফেললেও এই প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ মিলল তাঁর। খেলোয়াড়দের যাচাই করে দেখতে নতুন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি না। যেহেতু নতুন কিছু খেলোয়াড় আছে, মনে করছি এ সংস্করণে তারা ভালো খেলতেও পারে। এ কারণেই তাদের সুযোগ দেওয়া।’
নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে পরিবর্তন এসেছে মোট ৫টি। সদ্যোজাত মেয়ের মুখ দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের ক্ষেত্রে তাই ‘ফেরা’ বলা যাচ্ছে না। তবে চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ না খেলা সৌম্য সরকার ফিরেছেন দলে।
২০১৪-এর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ার পর নাসির হোসেন ফিরেছিলেন গত বিশ্বকাপ দিয়ে। ২০১৫ সালে বাংলাদেশের খেলা ১৮ ওয়ানডের ১৫টিতেই খেলেছিলেন। খেলেছিলেন ৫টি টি-টোয়েন্টিই। সেই নাসির কেন বাদ? ফারুকের ব্যাখ্যা, ‘নাসির নিয়মিত খেলোয়াড়। তার সামর্থ্য আমরা জানি। যেহেতু জিম্বাবুয়ে সিরিজে একটা সুযোগ এসেছে, চেষ্টা করছি কয়েকজন নতুন খেলোয়াড়কে দেখতে। এরপর বিশ্বকাপের আগে তো মূল দল তৈরি করবই।’
গত জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে আরও বাদ পড়েছেন এনামুল হক, জুবায়ের হোসেন, লিটন দাস ও কামরুল ইসলাম রাব্বী। যেহেতু প্রস্তুতির সিরিজ, ইঙ্গিত মিলল শেষ দুটি টি-টোয়েন্টির স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। অনুমিতভাবেই সুনির্দিষ্ট কিছু বললেন না ফারুক, ‘আগেই বলেছি, আমরা নতুন কিছু খেলোয়াড়কে যাচাই করে দেখছি। এরপর কী হবে, পরের ব্যাপার। এই দল তো প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য। ফলে বলা যাবে না, সবাই বাইরে।’
এদিকে সিরিজের ভেন্যু নিয়ে ভালোই নাটক হলো। ঢাকায় হবে না, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। খেলা হওয়ার কথা ছিল সিলেটে। নতুন সিদ্ধান্ত হয়েছে, ৪টি ম্যাচই হবে খুলনায় এবং তা ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারিতে।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে জিম্বাবুয়ে ঢাকায় পা রাখবে ১১ জানুয়ারি। দলটি খুলনায় রওনা দেবে পরের দিন।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নুরুল হাসান, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আল আমিন, আবু হায়দার।