পরের খেলায় হাসতে চাই

আফগানিস্তানকে নিয়ে সবার মনে শঙ্কা থাকলেও মাঠে টাইগারদের তা ছিল না বলে ধরে নেওয়া যায়। খেলার ধরন দেখেই তার প্রমাণ পাওয়া গেছে। তবে আফগানিস্তানের পরিশ্রমী দলটি বিশ্বকাপের স্বপ্নে বিভোর শক্তিধর ভারতকে ২২ তারিখ দুশ্চিন্তায় ফেলে দেওয়ার পর তাদের নিয়ে শঙ্কা সঞ্চারিত ছিল এই ভেবে যে ভারত তো কোনোরকমে পার পেয়ে গেল, বাংলাদেশকে না আবার একই রকম দুশ্চিন্তায় ফেলে।
কিন্তু তা আর হয়নি। টাইগাররা জয়ী হয়েছে আফগানদের ২০০ রানে ঠেকিয়ে দিয়ে। নিজেদের ২৬২ রান নিয়ে দল সাউদাম্পটনের বৃহৎ স্লো মাঠেও প্রায় নিশ্চিন্তই ছিল বলা চলে। ‘কিছুই হারাবার’ নেই ভাবা, শূন্য পয়েন্টে থাকা আফগানরা হঠাৎ করেই সিরিয়াস প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় নেমেছিল দুটি খেলাতেই। সবার দুশ্চিন্তা বেড়েছিল এই কারণেই, ক্রিকেট বলে কথা। অঘটন ঘটতে কতক্ষণ!
তো দুশ্চিন্তায় আক্রান্ত আমার এক সহদর্শক বন্ধুর কথা বলি। ক্রিকেট–অন্তঃপ্রাণ বন্ধুটি সব সময়ই কিছুটা নৈরাশ্যবাদী। নেগেটিভ ভাবনাকেই প্রশ্রয় দেন বেশি পুরো খেলার সময়টিতে। হতাশাগ্রস্ততায় হা-হুতাশ করে কথা বলেন পুরো খেলা দেখতে দেখতে। লিটন প্রথমেই আউট হওয়ায় তাঁর উক্তি, ‘ব্যস, জিতন শ্যাষ! শুরু হইয়া গেল আনা–জানা। আর থার্ড আম্পায়ার তো অগো পক্ষে! বল মাটিতে ঠেকছে, তাও চোরামিটা করল। আর শূন্য পয়েন্টের অগো হেল্প করনের কী মানে!’
তবে দল জিতে গেলে সবার আগে উল্লাসে আত্মহারা হয়ে চিৎকার করে বলতে থাকেন, ‘আমি জানতাম, জিতনটা সময়ের ব্যাপার মাত্র।’ তাঁর এই কাণ্ড সম্বন্ধে জিজ্ঞেস করলাম খেলার পর। বললেন, ‘ডার্ক সাইডটা ভাইবা টেনশনটা ধইরা রাখলে দল জিতলে মজাটা বেশি হয়।’
বললেন, ‘টেনশনটা ফিল করায় মজা আছে। এই খেলাটা তো সাকিবের জন্য সব দিক দিয়া রেডি আছিল। রানও ৫০, উইকেটও নিল পাঁচটা। পঞ্চম উইকেটটা পাইতে লেট হইতাছিল দেইখা টেনশন না কইরা পারা যায়? তিন নম্বর ম্যান অব দ্য ম্যাচ হইতে হইব না।’
এই লেখায় বন্ধুটিকে উদ্ধৃত করলাম। কারণ, খেলার শুরুতেই তিনি বলেছিলেন, ‘শ্যাষে না পোলাপান পচা শামুকে পা কাটনের হালে পইড়া
যায়। যেমনে কয় দিন ধইরা স্পিনার রশিদ–রশিদ রব উঠছে!’
যাই হোক, খেলাটা আমাদের জন্য ইম্পরট্যান্ট ছিল। জয় পাওয়া গেছে। সাকিবের পাশাপাশি মুশফিক, তামিম, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ
ব্যাটে এবং বোলিংয়ে মোস্তাফিজ, সাইফউদ্দিন, মোসাদ্দেক দলকে জেতানোর মূল কাজটি করেছেন। এখন পরবর্তীটার অপেক্ষা। দলকে উদ্দীপ্ত দেখতে চাই।
তবে আফগানরা ভবিষ্যতে অনেক ওপরে উঠবে, ধারণা করা যায়। বড়দের জন্য বলা যায়—
‘সবাইকে ধরিবে যে
কাবুলে বাড়িছে সে।’