পাঁচ বছর পর ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি বাটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় এফএটিএর বিপক্ষে সেঞ্চুরি করার পথে সালমান বাট। ছবি: এএফপি।
পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় এফএটিএর বিপক্ষে সেঞ্চুরি করার পথে সালমান বাট। ছবি: এএফপি।

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই নিজেকে নতুন করে চেনালেন সালমান বাট। পাঁচ বছরে মরচে পড়তে দেননি তাঁর ব্যাটে। সেটাই বোঝা গেল পাকিস্তানের ঘরোয়া একদিনের প্রতিযোগিতায়। তাঁর ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক শতক।

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বহুল আলোচিত লর্ডস টেস্টের তখনকার অধিনায়ক। নিষেধাজ্ঞার পাশাপাশি কারাদণ্ডও ভোগ করতে হয়েছে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে। গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার থেকে মুক্তি পান তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পুনর্বাসন প্রক্রিয়ার কারণে এত দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার এক মাস আগে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েই প্রমাণ রাখলেন নিজের সামর্থ্যের।
কাল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (ওয়াপদা) হয়ে এফএটিএর বিপক্ষে ১৩৫ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছেন। এই ম্যাচে অবশ্য স্পট ফিক্সিংয়ের দায়ে শাস্তি ভোগ করা মোহাম্মদ আসিফও ভালো বোলিং করেছেন। ৬ ওভার বল করে ২২ রানে ২ উইকেট নিয়ে আসিফও দলের জয়ে ভূমিকা রেখেছেন। ম্যাচটি ওয়াপদা জিতেছে ১৪১ রানের বড় ব্যবধানে।
এই সেঞ্চুরির পর নিজের ক্রিকেট জীবনের নতুন পথচলার কথাই জানিয়েছেন বাট, ‘এটা আমার নতুন পথচলার শুরু। আমি এই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব। আরও উন্নতি করব। আমি আমার পরিবার, বন্ধু-বান্ধব ও সকল শুভানুধ্যায়ীকে কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থন ছাড়া আমার ফেরা সম্ভব হতো না।’
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটসহ বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ বিপিএলে দুর্দান্ত খেলে জাতীয় দলে ফিরেছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে বাটের সহযোগী মোহাম্মদ আমির। পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন এই পেসার। তবে আমিরের এই ফেরাটা সহজ ছিল না। বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটারের বিরোধিতা-বিতর্ক এবং আলোচনা-সমালোচনার বাধা ডিঙিয়ে নিজের পারফরম্যান্স দিয়েই ফিরতে হয়েছে আমিরকে। তাঁর এই ফেরাকে স্বাগত জানালেও বাট জানেন, একই ধরনের বিতর্ক অপেক্ষা করছে তাঁর জন্যও। তবে বিতর্ক তাঁকে লক্ষ্য থেকে টলাতে পারবে না বলেই জানিয়েছেন, ‘আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার বিরুদ্ধে কে কী বলল, সেটা নিয়েও ভাবি না। আমার বিরুদ্ধে যাদের ধারণা নেতিবাচক, তাদের প্রতি আমার আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আমি কেবল সর্বশক্তিমান আল্লাহর দিকেই চেয়ে আছি। আমি জানি সবকিছু ঠিক হয়ে যাবে খুব দ্রুতই।’ সূত্র: দ্য ডন।