পাঁচ বছর পর জুনায়েদের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পথে লেগ গ্ল্যান্স ক​রছেন জুনায়েদ সিদ্দিক। কাল ফতুল্লায় l প্রথম আলো
সেঞ্চুরির পথে লেগ গ্ল্যান্স ক​রছেন জুনায়েদ সিদ্দিক। কাল ফতুল্লায় l প্রথম আলো

৫০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরির স্বাদটা হয়তো ভুলেই গিয়েছিলেন জুনায়েদ সিদ্দিক। সর্বশেষ সেঞ্চুরির পর তো কম দিন আর যায়নি! ২০১০ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে সেঞ্চুরির পর সীমিত ওভারের ম্যাচে আর সেঞ্চুরিই পাননি জাতীয় দলের সাবেক এই ওপেনার। অবশেষে কাল খুলল গেরো। প্রায় পাঁচ বছর পর ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি পেলেন জুনায়েদ। কাল ফতুল্লায় বিসিএলে লিস্ট ‘এ’ ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৬ রান করেছেন বিসিবি উত্তরাঞ্চলের এই বাঁহাতি। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ৫০ ওভারে ৩২৮ রান তোলার পরও অবশ্য জয় নিয়ে ফিরতে পারেনি উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের ইনিংস চলাকালে বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে গেছে ম্যাচ। তাই পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল।
কাল সন্ধ্যায় যখন বৃষ্টি এল, পূর্বাঞ্চল ১৩ ওভারে ২ উইকেটে করেছিল ৮৪ রান। এর আগে উত্তরাঞ্চলের দুই ওপেনার জুনায়েদ ও মাহমুদুল হাসানের জুটিতে আসে ১৬৮ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মাহমুদুল ৯ চার ও ১ ছয়ে ৯২ বলে করেছেন ৮০। জুনায়েদের ১২৪ বলের ১৩৬ রানের ইনিংসে চার ১২টি ও ছয় ৪টি। শেষ ১০ ওভারে ৮৭ রান তোলা উত্তরাঞ্চলের পরের ব্যাটসম্যানরা রানের গতি বাড়াতে গিয়েই উইকেট দিয়েছেন। জাতীয় দলের দুই ব্যাটসম্যান নাসির ১৩ বলে ২০ ও সাব্বির ২৫ বলে করেছেন ৩২।

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল: ৫০ ওভারে ৩২৮ (মাহমুদুল ৮০, জুনায়েদ ১৩৬, মুশফিক ৪, নাসির ২০, নাঈম ২, সাব্বির ৩২, আরিফুল ৪, ফরহাদ রেজা ১৪, মুক্তার ১৪, সানজামুল ৮, তাইজুল ৬*; হাসান ২/৭৮, কামরুল ০/২৬, আসিফ ০/৪৬, আরাফাত ৩/৫১, নাবিল ২/৬৫, অলক ০/২৭, মুমিনুল ২/৩৩)।

পূর্বাঞ্চল: ১৩ ওভারে ৮৪/২ (তামিম ১০, লিটন ৪৭*, মুমিনুল ০, তাসামুল ২৩*; ফরহাদ রেজা ০/৯, মাহমুদুল ১/২৮, নাসির ১/১৫, তাইজুল ০/৩০)

ফল: ম্যাচ পরিত্যক্ত।