পাঁচ বিদেশির ভালো-মন্দ বললেন মুশফিক
২০১২ ও ২০১৩-এর বিপিএলে পাঁচ বিদেশি খেলানোর নিয়ম ছিল। পরের দুই আসরে সংখ্যাটা নেমে আসে চারে। এবার আবারও পাঁচ বিদেশিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলে এবার প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এক ম্যাচে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে, কমপক্ষে খেলাতে হবে তিনজন। এই সিদ্ধান্তের পর পক্ষে-বিপক্ষে দুই কথাই শোনা যাচ্ছে।
পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্তে স্থানীয় খেলোয়াড়েরা একটু অসন্তুষ্ট। রংপুর রাইডার্সের ‘আইকন’ মাশরাফি বিন মুর্তজাও সেটির ব্যতিক্রম নন। কদিন আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বিপিএল আয়োজন আমাদের ক্রিকেটের উন্নতির জন্য। যদি চারজন (বিদেশি) থাকে, আমাদের সাতজন খেলবে। আটটা দলে ৫৬ খেলোয়াড় (স্থানীয়) খেলবে। ঘুরিয়ে ফিরিয়ে সেটা ১০০ হতে পারে। ১০০ খেলোয়াড়ের সুযোগ থাকা মানে যদি এবার আমরা দুজন পাই (জাতীয় দলে), সেটা আমাদের জন্য বড় ব্যাপার হবে।’
তবে রাজশাহী কিংসের আইকন মুশফিকুর রহিমের কথায় বোঝা গেল, পাঁচ বিদেশিতে তাঁর আপত্তি নেই, ‘যেকোনো সিদ্ধান্তের ভালো-খারাপ দিক থাকতে পারে। পাঁচ বিদেশি খেললে একদিকে স্থানীয় খেলোয়াড়ের সংখ্যা কমে যাবে। আরেক দিকে যদি দেখেন, যে কজন স্থানীয় খেলোয়াড় সুযোগ পাবে তাদের প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হবে। ঘরোয়া ক্রিকেটে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা কাজে দেবে।’

একাদশে একজন স্থানীয় খেলোয়াড় কমিয়ে যে বিদেশি খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে, তাঁদের মান নিয়েও মুশফিকের প্রশ্ন নেই, ‘এখানে এমন বিদেশি আসে তারা যে খুবই নিম্নমানের তা নয়, বরং উঁচু মানের খেলোয়াড়ই আসে। তাদের সঙ্গে খেললে, ড্রেসিংরুম শেয়ার করলে অনেক কিছু শেখা যায়। প্রথম বিপিএলের পর আমরা কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠেছিলাম। প্রথমবার পাঁচ বিদেশি নিয়েও দলের সমন্বয় ভালো হয়েছিল। আমার কাছে মনে হয়, এটা বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে কাজে দিতে পারে। তবে এই মৌসুমের পর এটা নিয়ে ভালো বলা যাবে।’
মুশফিক যখন পাঁচ বিদেশির পক্ষে যুক্তি দিচ্ছেন, তখন রাজশাহী কিংসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বললেন অন্য কথা। বিদেশি খেলোয়াড়দের কোটা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল যখন মতামত চেয়েছিল, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি চার বিদেশির পক্ষেই মত দিয়েছিল। তাদের মতো আরও দুটি ফ্র্যাঞ্চাইজি একই মত দিয়েছে। আর পাঁচটি ফ্র্যাঞ্চাইজি মত দিয়েছে পাঁচ বিদেশির পক্ষে।