পাঁচ শর জবাব দিচ্ছে জিম্বাবুয়েও
দিন শেষে কুল ডাউন করল না কেউ। ড্রেসিংরুমের বারান্দায়ও দেখা গেল না কাউকে। তাহলে কি দিনের খেলা নিয়ে আলোচনা করতে রুদ্ধদ্বার টিম মিটিংয়ে বসে গেলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে?
ব্যাপারটা মোটেও সে রকম নয়। আসলে কাল খেলা শেষে আর এক মুহূর্ত দেরি না করে কোচ সবাইকে হোটেলে ফেরার তাড়া দিলেন। খেলা শেষ হলো বিকেল ৪টা ৩৫ মিনিটে। সব গোছগাছ করে হোটেলের উদ্দেশে টিম বাস মাঠ ছাড়ল সোয়া ৫টাতেই। যা একটু দেরি, সেটা রুবেল হোসেনের সংবাদ সম্মেলনের জন্য।
এমন তাড়াহুড়া করে মাঠ ছাড়ার একটাই কারণ—খেলোয়াড়দের কাল রাতে যতটা সম্ভব বেশি সময় বিশ্রাম দিতে চেয়েছেন কোচ। বাংলাদেশের ইনিংসের পর সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটিংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের চরিত্রটা আরও পরিষ্কার হয়ে উঠেছে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলা পর্যন্ত এটি ব্যাটসম্যানদের স্বর্গই হয়ে থাকল। আজ সেটি আচমকাই বোলিং সহায়ক হয়ে উঠবে, এমন দুরাশা করছেন না হাথুরুসিংহে। সম্ভাবনা দেখছেন জিম্বাবুয়ের ইনিংসটা লম্বা হওয়ারই। সে ক্ষেত্রে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের জন্য ক্লান্তিকর এক দিনই অপেক্ষা করার কথা। আগের রাতটা খেলোয়াড়দের একটু বেশি বিশ্রাম দিতে চাওয়া সে কারণেই।
ক্লান্তিকর সময় অবশ্য কালও কিছুটা কাটিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা। জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই রুবেল হোসেনের বলে ওপেনার ব্রায়ান চারি কট বিহাইন্ড। কিন্তু দিনের বাকি ২৪টি ওভার হয়ে থাকল সিকান্দার রাজা আর মাসাকাদজার ব্যাটিংয়ের অনুপম প্রদর্শনীর উপলক্ষ। দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তাঁরা। ফিফটিও হয়ে গেছে দুজনেরই।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে আগের দিনের ৩০৩ রানের সঙ্গে আর ২০০ রান যোগ করে। টেস্ট ক্রিকেটে এই ৫০৩ বাংলাদেশ দলের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। এ নিয়ে চতুর্থবারের মতো পাঁচ শর ওপর রান করল বাংলাদেশ।
উইকেটে শেষ জুটি ছিল বলে সময় হয়ে যাওয়ার পরও চা-বিরতি না দিয়ে বাংলাদেশের অলআউট হওয়ার জন্য অপেক্ষা করছিলেন আম্পায়াররা। কিন্তু রুবেল আর জুবায়ের হোসেনের জুটি সেই অপেক্ষা কেবলই বাড়িয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত ২৫ মিনিট অপেক্ষার পর পানিয়াঙ্গারার বলে জুবায়ের বোল্ড হওয়াতেই শেষ হয় বাংলাদেশ ইনিংস। এর আগে গ্যালারিতে উপস্থিত হাজার তিনেক দর্শক ঘণ্টাব্যাপী উপভোগ করল রুবেলের দুর্দান্ত ব্যাটিং। কেউ বলে না দিলে শুধু ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না রুবেল দলের ১০ নম্বর ব্যাটসম্যান। মারার বলে মেরেছেন, আবার ভালো বলে ডিফেন্সও গড়ে তুলছিলেন নিশ্ছিদ্র। ৪৫২ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের পাঁচ শ করার সম্ভাবনা প্রায় বাতিল হয়ে গেলেও শেষ উইকেটে রুবেল-জুবায়েরের ৫১ রানের জুটিই সে মাইলফলক পার করাল। ৪৪ বলে ক্যারিয়ার-সেরা ৪৫ রানের অপরাজিত ইনিংসে রুবেলের বাউন্ডারি দুটি, সঙ্গে আছে চার-চারটি চোখ জুড়ানো ছক্কা। এর দুটি সিকান্দার রাজার বলে, বাকি দুটি ছক্কা খেয়েছেন পানিয়াঙ্গারা। রুবেল-জুবায়েরের ৫১ রান এখন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
রুবেলের আগে বাংলাদেশের ইনিংসের প্রাণ হয়ে ছিল সাকিব আল হাসানের ব্যাটিং। খুলনা টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেটের ইতিহাস গড়ার পর কালও আলো ছড়াল তাঁর ব্যাট, কিছুটা হলেও জাগিয়েছিল আরেকটি সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু সিকান্দার রাজার বলে কাভারে ক্রেগ আরভিনের শূন্যে ভেসে নেওয়া দুর্দান্ত এক ক্যাচে সাকিবকে থেমে যেতে হয়েছে ৭১ রানেই। খণ্ডকালীন স্পিনার হলেও জিম্বাবুয়ের বোলারদের মধ্যে নাতশাই মুশাঙ্গুয়ের ৪৭ ওভারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ ওভার বল করেছেন ওই সিকান্দার রাজাই। ১২৩ রানে সাকিবেরটিসহ ৩ উইকেট নিয়ে সাফল্যের মুখও দেখেছেন এই অফ স্পিনার।
আউট হওয়ার আগে ষষ্ঠ উইকেটে শুভাগত হোম চৌধুরীর সঙ্গে সাকিবের ৫০ রানের জুটিতে চার শ পার হয় বাংলাদেশ। এরপর তো রুবেল-ঝড়ে পার হয়ে গেল পাঁচ শ রানই। তবে এত রান করার পরও বাংলাদেশের ইনিংসের একমাত্র অতৃপ্তি বলতে পারেন মুমিনুলের ফিফটি না পাওয়াকে। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে পানিয়াঙ্গারার লাফিয়ে ওঠা বলে ব্রেন্ডন টেলরের ক্যাচ হয়ে যান দ্বিতীয় স্লিপে।
কাল সারা দিনে উইকেট যে কয়েকবার অস্বাভাবিক আচরণ করল, তার একটি মুমিনুলের আউটের ওই বলেই। ব্যাটিং-স্বর্গে উইকেটের যৎসামান্য ওই অস্বাভাবিক আচরণ থেকেই আজ যা একটু আশার আলো দেখতে পারে বাংলাদেশের বোলাররা।
দ্বিতীয় শেষে
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৩
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১১৩/১