পাঁচ সেঞ্চুরি ও সানজামুলের ৮ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানজামুল
সানজামুল

দ্বিতীয় ইনিংসেই কি গত মৌসুমের কথা মনে পড়ল খুলনা বিভাগের ব্যাটসম্যানদের?
বেশি দিন আগের কথা নয়। এ বছরের ফেব্রুয়ারিতেই সর্বশেষ ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা বিভাগ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন খুলনার তিন ব্যাটসম্যান তুষার ইমরান, মোহাম্মদ মিঠুন ও জিয়াউর রহমান। আট মাস পর জাতীয় লিগে আবার মুখোমুখি দল দুটি। ভেন্যু সেই ফতুল্লাই। আর এবারও এক ইনিংসে সেঞ্চুরি পেলেন খুলনার তিন ব্যাটসম্যান।
এবার অবশ্য মেহেদী হাসান, এনামুল হক ও নুরুল হাসানরা সেঞ্চুরি পেলেন দ্বিতীয় ইনিংসে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন জিয়াউর রহমানও (৮৯)। চতুষ্টয়ের ব্যাটিং কীর্তিতেই প্রথম ইনিংসে মাত্র ১১৭ রানে গুটিয়ে যাওয়া খুলনা দ্বিতীয় ইনিংসে করল ৫০৬ রান। এবার অলআউট হয়নি দলটি, ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেট হারানোর পরই। ৪৭০ রানের লক্ষ্য পাওয়া ঢাকা তৃতীয় দিন শেষে ৩৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।
কাল সেঞ্চুরি হয়েছে আরও তিনটি। বগুড়ায় সেঞ্চুরি পেয়েছেন বরিশালের সালমান হোসেন ও আল আমিন। চট্টগ্রামে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন চট্টগ্রামের তাসামুল হক। বোলারদের নিগ্রহের দিনে উজ্জ্বল ব্যতিক্রম সানজামুল হক। রাজশাহীর প্রথম বোলার হিসেবে ইনিংসে ৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে প্রথম শ্রেণির ক্যারিয়ারে সানজামুল ৮ উইকেট পেলেন দ্বিতীয়বার।

৪৩ রানে শেষ ৫ উইকেট হারানো চট্টগ্রাম অলআউট ৩৫০ রানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৭ তোলা রাজশাহী এখনো পিছিয়ে ৪৫ রানে। বগুড়ায় বরিশালের বিপক্ষে ৪৪৮ রানের লক্ষ্য পাওয়া সিলেটকে আজ শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে করতে হবে আরও ৩৯৪ রান। খুলনায় রংপুরের বিপক্ষে ৮ উইকেট হাতে নিয়ে ১২২ রানে এগিয়ে ঢাকা মহানগর।

সেঞ্চুরির সুবাস নিয়েই কাল ড্রেসিংরুমে ফিরেছেন মেহরাব হোসেন জুনিয়র। প্রথম শ্রেণির ক্যারিয়ারের ষোড়শ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে ছিলেন মেহরাব। আগের ম্যাচে মহানগরের জয়ের নায়ক মাহমুদউল্লাহ মৌসুমের প্রথম ফিফটি থেকে ২ রানের দূরত্বে দিন শেষ করেছেন।

কাল পাঁচ সেঞ্চুরিয়ানের তিনজনই পেরিয়েছেন কোনো না কোনো মাইলফলক। খুলনা উইকেটকিপার নুরুল হাসান ক্যারিয়ার-সর্বোচ্চ অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলার পথে পেরিয়ে গেছেন ২০০০ রানের মাইলফলক। ২ হাজার রান পেরিয়েছেন তাসামুলও। আর বরিশালের সালমান প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির পথেই ছুঁয়েছেন ১ হাজার রান। 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা বিভাগ-খুলনা, ফতুল্লা

খুলনা বিভাগ: ১১৭ ও ১২৩.২ ওভারে ৫০৬/৭ ডি. (নুরুল ১৮২*, মেহেদী ১০৪, এনামুল ১০০, জিয়া ৮৯; মাসুম ৩/১৪৭, মোশাররফ ২/১৪২)। ঢাকা বিভাগ: ১৫৪ ও ২০.১ ওভারে ৩৭/২ (জয়রাজ ১৬, মজিদ ১১*; আবু বকর ১/০)।

ঢাকা মহানগর-রংপুর, খুলনা

ঢাকা মহানগর: ২৪২ ও ৫৩ ওভারে ১৭৯/২ (মেহরাব জু. ৮৭*, মাহমুদউল্লাহ ৪৮*, শামসুর ৩৭; সাদ্দাম ১/১৬)। রংপুর ১ম ইনিংস: ১০৯.৪ ওভারে ২৯৯ (তানভীর ৭৮, নাঈম ৪০, নবীন ৩৯, আরিফুল ৩১, নাসির ৩১, সোহরাওয়ার্দী ৩০; শরীফউল্লাহ ৪/৪৯, আরাফাত ৩/৭০)।

বরিশাল-সিলেট, বগুড়া

বরিশাল: ১৫৫ ও ১১৫.১ ওভারে ৪৬৪/৭ ডি. (আল আমিন ১৫৭, সালমান ১৪৬, শাহরিয়ার ৬৭, সোহাগ ৫০*; রাহাতুল ৩/৮৩, খালেদ ৩/৯২)। সিলেট: ১৭২ ও ২২ ওভারে ৫৪/২ (ইমতিয়াজ ৩২; মনির ১/১৪)।

চট্টগ্রাম-রাজশাহী, চট্টগ্রাম

রাজশাহী: ২০৮ ও ৩৬ ওভারে ৯৭/২ (নাজমুল ৩৯*, মিজানুর ২৭; সাঈফউদ্দিন ১/১৭)। চট্টগ্রাম ১ম ইনিংস: ১৫৫.৫ ওভারে ৩৫০ (তাসামুল ১৩৪*, তামিম ৬২, ইরফান ৫৩, নাফিস ৪৩; সানজামুল ৮/১০৬)।