পাঁচ সেঞ্চুরির দিন
>

• ঢাকা প্রিমিয়ার লিগে আজ পাঁচটি সেঞ্চুরি হয়েছে।
• শুধু কলাবাগান-প্রাইম দোলেশ্বর ম্যাচেই দেখা মিলেছে তিন সেঞ্চুরির।
ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিনকে সেঞ্চুরির দিন বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। শুধু কলাবাগান-প্রাইম দোলেশ্বর ম্যাচেই দেখা মিলেছে তিন সেঞ্চুরির! বাকি দুই ম্যাচে এসেছে একটি করে সেঞ্চুরি। সব মিলিয়ে দিনটা ছিল পাঁচ সেঞ্চুরির।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটির হয়ে ১৪২ বলে ১০২ রানের ইনিংস খেলেন অধিনায়ক জহুরুল ইসলাম। ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। জহুরুলের সেঞ্চুরি ও রজত ভাটিয়ার ফিফটিতে ৫ উইকেটে ২৪৭ রানের স্কোর পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৯ বল হাতে রেখে খেলাঘর ৫ উইকেটের জয় তুলে নিলেও দলটির কেউ তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান মাহিদুল ইসলাম অঙ্কনের।
ফতুল্লায় আবাহনীর হয়ে ১০৮ রানের ইনিংস খেলেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান সাইফ হাসান। ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১৩২ বলে ইনিংসটি সাজান সাইফ। তাঁর সেঞ্চুরিতে ২৬৬ রানের স্কোর গড়ে আবাহনী। জবাবে ব্রাদার্সের ইউনিয়ন গুটিয়ে গেছে মাত্র ১৩০ রানেই! আবাহনীর দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ (৩/২৪) ও সানজামুল ইসলামের (৩/২৮) সামনে দাঁড়াতেই পারেনি ব্রাদার্স। আবাহনীর আরেক স্পিনার সাকলাইন সজীব নিয়েছেন ২ উইকেট।
বিকেএসপির চার নম্বর মাঠে কলাবাগানের হয়ে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল (১০৪) ও তাইবুর (১১৪)। দুই সেঞ্চুরির কল্যাণে কলাবাগান ৪ উইকেটে ২৯০ রান তুলেও জিততে পারেনি। সেটা লিটন দাসের অপরাজিত ১৪৩ রানের ইনিংসের জন্য। এ ছাড়া মার্শাল আইয়ুবের অপরাজিত ৯১ রানের সুবাদে কলাবাগানকে ৮ উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। কলাবাগান তিন শ ঊর্ধ্ব স্কোর গড়লে হয়তো সেঞ্চুরি পেতেন মার্শালও। সে ক্ষেত্রে দিনটা হতো ছয় সেঞ্চুরির!