পাঁচ সেশনেই ২১ উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্বিনের জবাব খুঁজে পেল না প্রোটিয়ারা। ছবি: বিসিসিআই।
অশ্বিনের জবাব খুঁজে পেল না প্রোটিয়ারা। ছবি: বিসিসিআই।

মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝি পড়েছিল অমিত মিশ্রর বলটা। সামনের পা এগিয়ে নিয়ে রক্ষণের ভঙ্গিতে ব্যাটটাকে এগিয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু হিসেবে গরমিল হয়ে গেল। একটু আড়াআড়ি হয়ে গেল ব্যাটটা। বলটাও একটু বেশি ঘুরে ব্যাটকে ফাঁকি দিয়ে গিয়ে লাগল অফ স্টাম্পে। ৬৩ রানে বোল্ড ডি ভিলিয়ার্স। প্রথম ইনিংসে লিড নেওয়ার দক্ষিণ আফ্রিকার প্রায় মিইয়ে যাওয়া স্বপ্নটাও শেষ তাতে। বাকি আনুষ্ঠানিকতা ৯ বলের মধ্যে সেরে দক্ষিণ আফ্রিকাকে ১৮৪ রানে বেঁধে ১৭ রানের লিড নেয় ভারত। 

এর পরের সেশনটা বেশ অদ্ভুত। চা বিরতি পর্যন্ত সেশন প্রতি যেখানে পড়েছে ৪ উইকেট। দ্বিতীয় দিনের শেষ সেশনে সেখানে মাত্র ১ উইকেট। উঠেছে ১১২ রান। ভারত লিড পেয়েছে ১৪২ রান, হাতে এখনো ৮ উইকেট।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই শিখর ধাওয়ানের উইকেটটি হারিয়ে ফেলে বিরাট কোহলির দল। থিতু হয়ে​ ফিরেছেন মুরালি বিজয়। ইমরান তাহিরের বলে বাবুমার হাতে দারুণ ক্যাচের শিকার হওয়ার আগে বিজয়ের রান ৪৭। প্রোটিয়াদের ভোগাতে চেতেশ্বর পূজারা অপরাজিত ৬৩ ও কোহলি আছেন ১১ রানে।
২০১ রানে অলআউট হয়েও ভারতের লিড পাওয়ার দুঃসাধ্য কাজটা সফল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বছর কয়েক ধরেই ভারতের বোলিং আক্রমণের মূল দায়িত্ব বয়ে চলা এই অফ স্পিনার নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে রবিন্দ্র জাদেজার ৩ আর অমিত মিশ্রর ২। সবগুলো উইকেটই স্পিনারদের। দক্ষিণ আফ্রিকা ধরা পড়ল স্পিনের ফাঁদেই।
অবশ্য এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কাল ভারতের ইনিংস চলার সময়ই বোঝা যাচ্ছিল মোহালির এই পিচ স্পিনারদের জন্যই। এলগার-তাহিরদের সামলাতে যেমন অস্বস্তিতে ছিলেন ‘স্পিন-স্পেশালিস্ট’ ভারতের ব্যাটসম্যানরা, তাতে দক্ষিণ আফ্রিকার কপালেও যে এমন কিছু অপেক্ষা করছে, এটা বোঝাই যাচ্ছিল। স্পিনের মায়াজাল চলল দক্ষিণ আফ্রিকার ইনিংসজুড়েই। ৬৮ ওভারের ইনিংসে ভারতের দুই পেসার হাত ঘুরিয়েছেন মোটে ১৪ ওভার! আজ দ্বিতীয় দিনেই ফাটল ধরা পিচে যেভাবে ধুলো উড়ছে, তাতে দ্বিতীয় ইনিংসে এ দুজন শুধু ফিল্ডিং করেই কাটিয়ে দিতে পারেন!
২ উইকেটে ২৮ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার প্রথম সেশনটা শুরু হয়েছিল বেশ ভালোই। ৩য় উইকেটে আমলা-এলগার যোগ করলেন ইনিংস সর্বোচ্চ ৭৬। এখন পর্যন্ত টেস্টের সর্বোচ্চ জুটিও এটি। দলীয় ৮৫ রানে এলগার ফিরে যেতেই শেষ, স্রোতে আর বাঁধ দিতে পারল না কেউ। আমলা-ফিল্যান্ডার-হার্মারদের সঙ্গে নিয়ে একটু চেষ্টা করেছিলেন ডি ভিলিয়ার্স। তবে জুটিগুলো ২০-৩০ ঘরের বেশি এগোল না। দক্ষিণ আফ্রিকার ১১ জনের মধ্যে আটজন মিলে রান যোগ করেছেন ২৩!
৫ উইকেট নিয়ে ১৫০ উইকেটের মাইলফলকটা পেরিয়ে গেলেন ২৯তম টেস্টটি খেলতে নামা অশ্বিন। ভারতীয়দের মধ্যে এর চেয়ে কম টেস্টে ১৫০ উইকেট পাননি আর কেউই। ৩৪ টেস্টে এ কীর্তি গড়ে অশ্বিনের পেছনে আছেন কুম্বলে ও এরাপল্লি প্রসন্ন। তথ্যসূত্র: স্টার স্পোর্টস, ক্রিকইনফো।